নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড অন্তর্ভুক্ত সিদ্ধিরগঞ্জের আল-আমিন নগরের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাঁচা রাস্তাটি বছরের বেশিরভাগ সময় কর্দমাক্ত থাকায় এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়াস্থ আল-আমিন নগরের কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে মেরামত করা হচ্ছে না। রাস্তার বেশির ভাগ অংশে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে কর্দমাক্ত থাকে। ডিএনডির অভ্যন্তরে হওয়ায় বৃষ্টির কারণে এ এলাকায় পানি জমে থাকে। ফলে এ কাঁচা রাস্তাটি ডুবে যায়। এলাকাবাসী চলাচলের কারণে রাস্তার বিভিন্ন অংশের মাটি সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে অনেক জায়গায় হাঁটু সমান পানিতে তলিয়ে আছে।
সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহিম জানায়, রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
