নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে নগরীতে মিছিল ও সমাবেশ করেছে তার অনুসারীরা। গতকাল শুক্রবার সকাল ১১টায় যুবদল-ছাত্রদল-মহিলাদলের ব্যানারে কাজির দেউরী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয় নাসিমন ভবনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্ল¬ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দলের ভেতর লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা শাহাদাতের গাড়িতে আগুন দিয়েছে। এভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে চট্টগ্রাম বিএনপির দুঃসময়ের কাণ্ডারি শাহাদাতকে ঠেকিয়ে রাখা যাবে না। বক্তারা শাহাদাতের গাড়িতে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করার দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এসএম সালাহউদ্দিন।
