হিজলায় এমপির সামনে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে আহত ৭

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২০
স্থানীয় সংসদ সদস্যর উপস্থিতিতে হিজলা উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে গতকাল শুক্রবার সংঘর্ষে ৭/৮ জন আহত হয়েছে। সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার তালুকদারের অনুসারী সালাউদ্দিন সরদারের হরিনাথপুর ইউনিয়নের বাসায় যান। সেখানে পৌঁছানো মাত্র উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. শহিদুল্লাহর অনুসারী খোরশেদ সরদার তার বাসায় এমপি ফরহাদকে নেয়ার জন্য হাত ধরে টানাটানি করেন। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংসদ সদস্য মেজবাউদ্দিন ফরহাদ ইত্তেফাককে জানান, তাকে খোরশেদ এর বাসায় নেওয়ার জন্য টানাটানি করলে তিনি সেখান থেকে অন্যত্র একটি বিয়ের অনুষ্ঠানে চলে যান। পরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে তিনি জানান। হিজলা থানার ওসি শওকত আনোয়র জানান, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।