নোয়াখালীতে এপেক্সের হুইল চেয়ার পেল পপি আক্তার

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২০
যে বয়সে সমবয়সীদের সাথে খেলাধুলা ও স্কুলে যাবার কথা, সে বয়সে পুঙ্গত্ব নিয়ে গত ১০ বছর যাবত্ এক অসহনীয় জীবন পার করে আসছে শিশু পপি আক্তার। নোয়াখালী সদর উপজেলার পশ্চিম মাইজদী গ্রামের দিনমজুর ছালাউদ্দিনের মেয়ে পপি হাঁটাচলা করতে না পারায় তার পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। ছালাউদ্দিন দীর্ঘদিন চেষ্টা করে তার মেয়ের জন্য একটি হুইল চেয়ার ক্রয় করতে ব্যর্থ হওয়ার কথা জেনে এগিয়ে আসে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব নোয়াখালী। বুধবার সন্ধ্যায় নোয়াখালী প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে পঙ্গু পপিকে হুইল চেয়ার প্রদান করেন নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ। এসময় ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ ও জেলা এপেক্স ক্লাবের সভাপতি মোনাব্বার হোসেনসহ এপেক্সিয়ানরা উপস্থিত ছিলেন। হুইল চেয়ার পেয়ে পপির চোখে-মুখে ফুটে ওঠে এক আনন্দের বন্যা। মেয়ের মুখের হাসি দেখে তার মা-বাবাও আনন্দে কেঁদে ফেলে। একই অনুষ্ঠানে কৃষ্ণারামপুর গ্রামের দুস্থ মহিলা মায়া আক্তারকে একটি সেলাই মেশিন দেয়া হয়।