ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হিদাডাঙ্গা গ্রামের কৃষক মো. ফায়েক শরীফকে (৪৫) মোবাইলে ডেকে নিয়ে কে বা কারা হত্যা করেছে। গতকাল শুক্রবার সকালে বাড়ির পুকুর থেকে তার বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের ওসমান মিয়ার স্ত্রী আছমা ওরফে মায়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত বুধবার রাতে অপরিচিত মোবাইল নম্বর থেকে ফোন পেয়ে বেরিয়ে গেলে আর ফিরে আসেনি শরীফ। গত বৃহস্পতিবার রাতে তার বড় ছেলে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়রি করে। গতকাল শুক্রবার ভোরে তার ছোট ছেলে সোহেল শরীফ বাবার লুঙ্গি পুকুরে ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে গলায় রশি দিয়ে মাটি ভর্তি বস্তাসহ তার লাশ উদ্ধার করেন। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি গোলাম কিবরিয়া হত্যার মোটিভ সম্পর্কে জানান, শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মোবাইলের কললিস্ট সার্চ করলে হত্যার কারণ সম্পর্কে আরো নিশ্চিত হওয়া যাবে।
