ব্যবহারের অনুপযোগী ঘোষণা করার পরও মেহেরপুর টাউন ফাঁড়ির পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ভবনে বসবাস করে আসছেন। জানা গেছে, প্রায় এক’শ বছর পূর্বে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালটি ১৯৯৫ সালে বর্তমান স্থানে স্থানান্তিত হয়। এর পর পুরাতন হাসপাতাল ভবনটি টাউন পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহূত হয়ে আসছে। কয়েক বছর আগে ওই ভবনটিকে ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হলেও পুলিশ সদস্যরা সেখানে অত্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শত বছরের পুরাতন ভবনটির বিভিন্ন অংশ খসে পড়ছে এবং ছাদের চুন সুরকি ঝরে পড়ে অনেক স্থানে পানি পড়ছে। যে কোন মুহূর্তে ভবনটি ধসে পড়তে পারে বলেও অনেকে আশংকা করছে। যে কারণে পুলিশ ফাঁড়িটি অন্যত্র স্থানান্তর করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
