যানবাহনের কৃত্তিম সংকট সৃষ্টি করায় ঈদ ফেরত কর্মমুখী অগণিত যাত্রীসাধারণ কয়েকদিন যাবত্ আরিচা ও পাটুরিয়া ঘাটে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গতকাল শুক্রবার বৃষ্টিতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছে। উপরোন্তু কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের কারণে বহু যাত্রী গন্তব্যে পৌঁছাতে হিমশিম খায়। ঢাকা-আরিচা মহাসড়ক বিশেষ করে মানিকগঞ্জের ৭টি উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে অপেক্ষমাণ যাত্রীসাধারণ গন্তব্যে পৌঁছার যানবাহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকে।
একশ্রেণীর যানবাহন মালিক-শ্রমিক অতিরিক্ত ভাড়া আদায় ব্যতীত যাত্রী না তোলায় চরম অসন্তোষ সৃষ্টি হয়। স্বাভাবিক ভাড়ার পরিবর্তে আরিচা থেকে গাবতলী ৭৭ কিলোমিটার রাস্তায় যাত্রীসেবা, নবীনবরণ প্রভৃতি সার্ভিসে ৩০০ টাকা ও ছাদে ১৫০ টাকা হারে ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ট্রাকে ২০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। পিক-আপ ভ্যানে ৪৫ কিলোমিটার দূরত্বের নবীনগর পর্যন্ত ২০০ টাকা ভাড়া, সিএনজিতে ৩০০ টাকা ভাড়া নেয়া হচ্ছে। বিআরটিসি বাসের ছাদে ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রী বহন করা হচ্ছে। সিরিয়াল নিয়ন্ত্রণের কথা বলে চিহ্নিত সুপারভাইজার, স্থানীয় মাস্তান ও পুলিশ গাড়ী প্রতি ২০০ টাকা নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও সংশ্লিষ্টরা এহেন অভিযোগ অস্বীকার করেন।
