সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী হামলায় নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাংচুর

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২২
সিদ্ধিরগঞ্জে ৩০/৩৫ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাংচুর করেছে। সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকায় গতকাল শুক্রবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। জানা যায়, নয়াপাড়া এলাকার রফিকুল ইসলাম বাবু নিজ জমিতে বাড়ি করার জন্য দেয়াল নির্মাণ করে। শুক্রবার একদল সন্ত্রাসী ঐ জমিটি তাদের দাবি করে জমির ওপর নির্মিত স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং রফিকুল ইসলাম গংদের বাড়ি নির্মাণ না করার জন্য হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর এলাকায় আতংক বিরাজ করছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।