দামুড়হুদায় আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৪
চুয়াডাঙ্গা দামুড়হুদা কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও একই ইউনিয়নের ৯ নন্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম বিশ্বাসের বাড়িতে বৃহস্পতিবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী পর পর ৩টি শক্তিশালী বোমা হামলা চালিয়েছে। তারা ফিরে যাওয়ার সময় তার বাড়ির প্রধান দরজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আব্দুল করিম বিশ্বাস জানান, জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন শেষে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে শিবপুর গ্রামে তার বাড়ির দোতলায় বৈঠক করছিলেন। এ সময় ২০/২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তার বাড়িতে হামলা চালায়। তবে এতে কেউ হামলার শিকার হয়নি। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, পুলিশ স্থানীয় লোকজন নিয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।