পার্বতীপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৪
পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে জহুরুল হক (৬৬) নামে একব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ চকপাড়া গ্রামে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় হত্যা মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার আগে নিহত জহুরুলের নাতি অহিদুল (১১) তাদের বাড়ির সামনে একই পাড়ার শরফরাজের ডোবা জমিতে কারেন্ট জাল পাতে। জানতে পেরে প্রতিবেশী শরফরাজের (৭১) নাতি জয়নুল (৭) জোর করে জাল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই শিশুর মধ্যে ঝগড়া বাধে। ছেলের চিত্কার শুনে অহিদুলের বাবা রফিকুল ইসলাম ঝেল্ল¬া (৩১) ও জয়নুলের বাবা সেকেন্দার (৩৫) ঘটনাস্থলে এলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এসময় সেকেন্দারের হাতে থাকা লাঠি দিয়ে সে রফিকুলকে মারধর করে। ঘটনাস্থলে উপস্থিত রফিকুলের বাবা জহুরুল হক (৬৫) ছেলে ও নাতিকে সরিয়ে নেয়ার চেষ্টা করলে সেকেন্দার তাকেও কিলঘুষি মারে ও লাঠি দিয়ে আঘাত করে। এতে জহুরুল হক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।