বাল্য বিয়ের আয়োজনে সম্পন্ন হলো চাচার বিয়ে

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২২:২৫
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ গতকাল শুক্রবার সকালে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছেন। পরে কনে পক্ষের দাওয়াত করা আত্মীয়-স্বজনদের সম্মান রক্ষার্থে ও রান্না করা খাবার নষ্টের আশঙ্কায় কনের চাচার বিয়ের আয়োজন করে মেহমানদারী করা হয়। ঘটনাটি ঘটেছে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামে। জানা গেছে, রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা গ্রামের জয়নাল সিকদারের মেয়ে ও পলখান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারকে (১৪) কাঞ্চন পৌরসভার নলপাথর গ্রামের মোজাম্মেল ভুঁইয়ার ছেলে মোহসীন ভুঁইয়ার সঙ্গে বিয়ের আয়োজন করে। গতকাল শুক্রবার বিয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পলখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের আবেদনের প্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বাল্য বিয়ে বন্ধ করে দেন। পরে ফারজানা আক্তারের পরিবার তড়িঘড়ি করে তার চাচা জায়েদুল ইসলামের সঙ্গে রূপগঞ্জ ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের শফিউদ্দিনের মেয়ে খাদিজা আক্তারের বিয়ে সম্পন্ন করেন। ফারজানা আক্তারের পিতা জয়নাল সিকদার বলেন, বাল্য বিয়ের বিষয়টি বুঝতে না পেরে তার মেয়ে ফারজানা আক্তারের বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন।