বৃহস্পতিবার রাতে টঙ্গীর পাগাড় এলাকায় মোবাইল চোরকে পেটানোর জের ধরে ছিনতাইকারী চক্রের হাতে খুন হয় এক যুবক। নিহত যুবকের নাম হাসমত মিয়া (৩২)। সে গাজীপুর জেলার টঙ্গী পাগাড় এলাকার হান্নান মিয়ার ছেলে।
বিগত প্রায় ৩ মাস আগে হাসমতের একটি নকিয়া মোবাইল চুরি হয়। মোবাইলটি এলাকার চিহ্নিত চোর ও ছিনতাইকারী রাজুকে (২৫) ব্যবহার করতে দেখে তাকে আটক করে মারধর করে হাসমত। এর জের ধরে রাজু দুই মাস পূর্বে তার দলবল নিয়ে হাসমতকে বেধড়ক মারধর করে। ঐসময় আশপাশের লোকজন খবর পেয়ে এগিয়ে গেলে ছিনতাইকারী রাজু তার দলবল নিয়ে পালিয়ে যায়।
নিহতের বড় ভাই গাজী মিয়া জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পাঠান পাড়ার বাসায় খাবার সময় এক অজ্ঞাত ব্যক্তি একটি মুঠোফোন থেকে তার মোবাইলে ফোন করে কাজের কথা বলে পাশের হাজি মার্কেটে যেতে বলে। এসময় সে খাওয়া শেষ করে বাসা থেকে বেরিয়ে হাজী মার্কেট যাওয়ার পথে জনৈক নাজমুলের মসলা ভাঙ্গানোর কলের সামনে পৌঁছলে রাজুসহ ৫/৬ জন তার পথরোধ করে। পরে রাজুর হাতে থাকা ধারালো ছুড়া দিয়ে হাসমতের পেটে ও পাজড়ে ছুরিকাঘাত করে। তার ডাক চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে দেখে তারা পালিয়ে যায়।
পরে তার বড় ভাই গাজী মিয়া লোকজন নিয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে স্যানেটারী মিস্ত্রি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতো। টঙ্গী মডেল থানার ওসি জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
