জমি-জমা বিরোধে যশোরে একজন গুলিবিদ্ধ
যশোর প্রতিনিধি \ যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সুইট (৩৫) নামে একজনকে গুলি করেছে প্রতিপক্ষরা। গত বৃহস্পতিবার ইছালী ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটেছে। জানা যায়,সম্পত্তি নিয়ে সুইটের সঙ্গে তার চাচা আইয়ুবের বিরোধ ছিল। এ বিরোধের সূত্র ধরে আইয়ুবের নেতৃত্বে নজরুল, আজিজুল ও এনামুল তাকে ডেকে নিয়ে যায়। পরে তার বুকে পাইপগান দিয়ে গুলি করে। যশোর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে।
মোহনগঞ্জে যুব ঋণ বিতরণ
মোহনগঞ্জ(নেত্রকোনা)সংবাদদাতা\ মোহনগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ৬ যুবক-যুবতীকে ৬ লাখ ২০ হাজার টাকার ঋণ প্রদান করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, ইউএনও মুহা. মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
মাগুরায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু \ স্বামী আটক
মাগুরা প্রতিনিধি \ মাগুরার মহম্মদপুর উপজেলায় জাঙ্গালিয়া গ্রাম থেকে মহম্মদপুর থানা পুলিশ শার্মিন নাহার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ইলিয়াস শেখকে ৫৪ ধারায় গ্রেফতার করেছে।
রাজবাড়ীতে ২ বাসে অগ্নিসংযোগের প্রতিবাদ
রাজবাড়ী প্রতিনিধি \ গত বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় দু’টি বাসের সংঘর্ষের পর যাত্রীরা দু’টি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই ঘটনার প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা রাজবাড়ী-কুষ্টিয়া সড়ক অবরোধ করে। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার পর পরিবহন মালিক ও শ্রমিকরা জেলা শহরের বড়পুল এলাকায় সড়ক অবরোধ করে।
চাটমোহরে মহানাম যজ্ঞ ও লীলাকীর্তন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর নতুন বাজার হরিমন্দির প্রাঙ্গণে ৩২ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও রাধা গোবিন্দের লীলাকীর্তন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ছিল হরিপূজা। গতকাল শুক্রবার অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন ও পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি গণেশ চন্দ্র ঘোষ ও পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জে শহীদ জিয়া স্মৃতি সংসদের পরিচিতি সভা
চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা \ গত বৃহস্পতিবার চৌমুহনী শ্রমিক মিলনায়তনে বেগমগঞ্জ উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি আবদুল আজিজ নবাবের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও অধ্যাপক (ডা.) কাজী মাযহারুল ইসলাম দোলন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি মঞ্জুরুল আজীম সুমন, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউল্যা প্রমুখ।
মহেশখালীতে বালতির পানিতে শিশুর মৃত্যু
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা \ মহেশখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় পৌরসভার পুঁটিবিলা গ্রামে বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। জানা যায়, মহেশখালী পৌর এলাকার সেনাসদস্য জাবের আহমদের ২ বছরে কন্যা আল জামিয়া বাড়ির সবার অজান্তে খেলার ছলে বাড়ির আঙ্গিনায় রাখা পানিভর্তি বড় একটি বালতিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন দেখতে পান বালতির পানিতে ডুবে শিশুটি মরে পড়ে আছে।
বেগমগঞ্জে ১০ মামলার ফেরারি ২ সন্ত্রাসী গ্রেফতার
চৌমুহনী(নোয়াখালী)সংবাদদাতা \ ১০ মামলার আসামি উপজেলার ফাজিলপুর গ্রামের আলমগীর হোসেন (২৭) এবং একই গ্রামের ৬ মামলার ফেরারি আসামি সবুজকে (২৫) গত বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজিমউদ্দিন জানান,ধৃতরা দীর্ঘদিন থেকে বেগমগঞ্জের পশ্চিমাঞ্চলে নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছিল।
জিয়ানগরে জেপি’র কর্মী সভা
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগরে জেপি’র কর্মী সভা গতকাল শুক্রবার বিকালে উপজেলার পাড়েরহাটের বৌডুবি বাজারে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় জেপি নেতা হারুন অর রশিদ পান্না, চুন্নু মিয়া, মধু মিয়া, দুলাল হোসেন, যুব নেতা মেহেদী হাসান মান্না ও আক্তার হোসেন প্রমুখ।
রায়পুরায় ট্রাক চাপায় যাত্রী নিহত\ আহত ৩
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় ট্রাকের চাপায় মারা গেছে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী। এসময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার জংগী শিবপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ঢাকাগামী একটি ট্রাক জংগী শিবপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।
নিকলীতে গাছের ডাল ভেঙ্গে শিশু নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি \ গতকাল শুক্রবার নিকলী উপজেলা সদরে একটি রেন্ট্রি গাছের ডাল ভেঙ্গে মাথার ওপর পড়লে আরেফিনের (৭) মর্মান্তিক মৃত্যু হয়। সে কড়িহাটি গ্রামের আলী হোসেনের পুত্র। গাছের নিচে বসে খেলার সময় হঠাত্ ডাল ভেঙ্গে তার ওপর পড়ে।
মেহেরপুরে নিহত জামায়াত নেতার মৃত্যুতে সমাবেশ
মেহেরপুর প্রতিনিধি \ হরতালে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের জামায়াতে ইসলামীর মেহেরপুরের আমঝুপি ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি সোলাইমান হকের(২৭) লাশ দাফনের আগে জামায়াত-শিবিরের নেতা-কর্মী সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ৪ দলীয় জোটের বিএনপির সাবেক এমপি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত জেলা আমির তাজউদ্দিন, জেলা সেক্রেটারী সিদ্দিকুর রহমান, নায়েবে আমির সিরাজুল ইসলাম ও মেহেরপুর জেলা শিবিরের সভাপতি সাইফুল ইসলাম।
রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের আগুনে ১৮টি খড়ের গাদা ভস্মীভূত
রাঙ্গুনিয়া (রাঙ্গুনিয়ায়) সংবাদদাতা \ গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মউত্তর গ্রামে কৃষকের ১৮টি খড়ের গাদা পুড়ে গেছে। রাত আড়াইটায় গ্রামের ফজলুর রহমানের বাড়ির পুকুর পাড়ে খড়ের গাদায় আগুন লাগে। গ্রামবাসী উপজেলা ফায়ার ব্রিগেড স্টেশনে খবর দেয়। রাঙ্গুনিয়া ফায়ার ব্রিগেড ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।
কোটালীপাড়ায় বাস চাপায় শিশু নিহত
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস চাপায় লিংকন রায় (৩) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার কোটালীপাড়া উপজেলার কান্দি-পিড়ারবাড়ি সড়কের তারাকান্দর নামক স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটে। কোটালীপাড়া থানার এস.আই আশ্রাফুল জানান, ঘটনাস্থলে একটি লোকাল বাস চাপা দিলে সে সেখানেই মারা যায়।
আদমদীঘিতে নারীসহ ৯ জনের কারাদণ্ড
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘিতে মাদক সেবন ও বিক্রির দায়ে নারীসহ ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পুলিশ জানায়, কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নারী মাদক ব্যবসায়ী জহুরা খাতুনকে ৬ মাস, সাজেদা বেগম ও তার মেয়ে জাহানারাকে এক বছর এবং মাদক সেবনের দায়ে চা-বাগান এলাকার ছোট মিলন, বড় মিলন, সানিলকে এক মাস, ও পানলা গ্রামের হানিফ, দমদমা গ্রামের তাজ উদ্দীন টিপুকে ও নওগাঁর চক-প্রসাদ গ্রামের পলাশ মোল্লাকে তিন মাস করে জেল দিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মনজুর ।
আড়াই হাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা \ গতকাল শুক্রবার আড়াই হাজারের সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তার পরিচয় জানা যায়নি। তার পড়নে ছিল লুঙ্গি ও শার্ট। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
লালমনিরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক সভা
লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল শুক্রবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে জনগণকে তথ্য অধিকার সর্ম্পকে সচেতন করার মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইন বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন সচিব ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমান।
ত্রিশালে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হয়েছে। ত্রিশাল থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের ভাটিপাড়ার মৃত আব্দুল হালিমের মেয়ে হাফিজা (১০) ও মাজেদা (৭) গত বৃহসপ্রতিবার দুপুরে কাঙ্গালি ভোজের খাবার খেতে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি। পরের দিন গতকাল শুক্রবার এলাকাবাসী তাদের বাড়ি হতে একটু দুরে পুকুরের পানিতে দু’বোনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ফুলবাড়ীয়ায় আদিবাসী দিবস পালন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পল্লীতে আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে হাতিলেইট আদিবাসী পল্লীতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোসলেমউদ্দিন এডভোকেট। আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি লুইস সুপ্রভাত জেংচামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইউজিন নকরেক, ফাদার কামিলুস রেমা, ইউনুস চিছাম প্রমুখ।
বাঞ্ছারামপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠান
বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দবন উচ্চ বিদ্যালয়ে গত বুধবার স্কুল মিলনায়তনে মেধাবী ও গরিব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ১৯৮৫ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের শিক্ষামূলক প্রকল্প থেকে ২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি প্রদান করা হয় । বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মো. আবু বাক্কার, মো. এলেম খান, মো. ফেরদৌস, মনিরুল ইসলাম ।
আড়াইহাজারে যুবকদের মধ্যে ঋণ বিতরণ
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ জাতীয় শোক দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার যুবকদের মধ্যে ঋণ বিতরণ ও আলোচনাসভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালাল উদ্দিন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী বন্যা আহমেদ প্রমুখ। সভায় ৭ জন যুবকের মধ্যে ৪ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।
রামুর ঈদগড়ে দুঃস্থের মাঝে বস্ত্র বিতরণ
রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামুর ঈদগড়ে গত বৃহস্পতিবার প্রায় ১৫০ জন দুস্থের মাঝে একটি শাড়ি, একটি লুঙ্গি ও ৩ জন গরীব মহিলাকে নগদ ১০ হাজার টাকা বিতরণ করেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডা. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার কলেজের সাবেক ভিপি ডা. সিরাজুল হক রেজা, সাংবাদিক কামাল শিশির ও জাফর ইকবাল প্রমুখ।
মসজিদ-মাদ্রাসার পাশে মাদক বিক্রি
কক্সবাজারের রামু উপজেলার হাসপাতাল গেইটস্থ উত্তর মিঠাছড়ি মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া হেফ্জখানা, এতিমখানা ও জামে মসজিদের পাশে সড়ক ও জনপদ বিভাগের জমিতে দোকানঘর নির্মাণ করে প্রকাশ্যে মদ, গাঁজা বিক্রি করার অভিযোগ উঠেছে। এলাকার শান্তি-শৃংখলা, শিক্ষার্থী-যুবসমাজকে রক্ষা বিবেচনায় রেখে সওজের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাদক ব্যবসা বন্ধসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
‘জাহাঙ্গীরনগর’ জেলা বাস্তবায়ন কমিটির অগ্রযাত্রা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ঐতিহ্য ও গুরুত্বের দাবিদার রাজধানী ঢাকার উপশহরীয় এলাকা সাভার, আশুলিয়া, ধামরাই ও সিংগাইর নিয়ে প্রস্তাবিত ’জাহাঙ্গীরনগর’ জেলা বাস্তবায়ন কমিটির প্রচেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। খ্যাতিমান ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ৫১ সদস্যবিশিষ্ট শক্তিশালী এ কমিটির আহবায়ক, প্রবীণ রাজনীতিবিদ, স্বাধীনতার সংগঠক, আগরতলা ইছামতি ক্যাম্প প্রধান, স্বৈরাচার-বিরোধী আন্দোলনের নেতা, ধামরাইয়ের সাবেক এমপি, শিক্ষানুরাগী, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একক প্রতিষ্ঠাতা, জামালউদ্দিন হাইস্কুলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামালউদ্দিন জানালেন,‘আমাদের প্রচেষ্টা ও অগ্রযাত্রা অব্যাহত আছে’।
চৌদ্দগ্রামে ৫০ দরিদ্র পরিবারে গরু বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার ৫০টি দরিদ্র পরিবারের মাঝে একটি করে গাভী বিতরণ করেছেন সওজর সাবেক প্রধান অর্থনীতিবিদ সৈয়দ ফয়েজুল ইসলাম। জানা গেছে, সৈয়দ ফয়েজুল ইসলাম প্রতিবছর এভাবে প্রত্যেক পরিবারকে পর্যায়ক্রমে ৫টি গরু দেন। যাতে ওই পরিবার কর্মক্ষম ও স্বাবলম্বী হয়ে উঠতে পারে। উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে একটি ফি-সাবিলিল্লাহ প্রোগ্রামের মাধ্যমে গরুগুলো দেয়া হয়।
বরগুনায় প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণ বিতরণ
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনা সদরের পক্ষ থেকে ১৯ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে ৫ লাখ ৯৮ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বরগুনার সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তাকে সহযোগিতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস। চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা।
ঘোড়াঘাটে যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হলে যুব উন্নয়ন অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে সৌহার্দ্য কর্মসূচি, রিসোর্স ইন্টিগ্রেশন (রিক), ইউএসএ আইডি ও কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় ১১ জন যুব মহিলাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা বেগম সিদ্দীকাসহ অনেকে উপস্থিত ছিলেন।
