বিরোধী দলীয় নেতার প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা জাতীয় শোকের দিনে জন্মদিনের নামে ফূর্তি করে, তাদের সঙ্গে সরকার কোন সংলাপ বা সমঝোতায় যাবে না। আওয়ামী লীগ তাদের ঘৃণা করে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক আশরাফ বলেন, তাদের সাথে কোন আলোচনাও হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি বলেন, কার সঙ্গে কিসের সংলাপ? তাদের সঙ্গে কখনো সংলাপ সম্ভব নয়। তাদের সাথে কোন আলোচনা বা সমঝোতাও সম্ভব নয়।
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, জন্মদিন রাজনীতি নয়। যারা কেক কেটে ফূর্তি করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কোন দিনই মেনে নেবেন না।শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে আশরাফ বলেন, গুজবে কান দেবেন না, প্রধানমন্ত্রীর প্রতি শতভাগ আস্থা থাকতে হবে। আস্থা থাকলে আমরা সব কিছু বাস্তবায়ন করব। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি দূতাবাসের খবরদারিরও কঠোর সমালোচনা করেন তিনি।
