অধিকার-এর সেক্রেটারি আদিলুর রহমানকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। তারা আদিলুর রহমানের ওপর কোনো ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের পরিণাম সরকারের জন্য অশুভ পরিণতি ডেকে আনবে বলে উল্লেখ করেন। হেফাজত নেতারা আরো বলেন, কোনো অত্যাচার, নির্যাতন ও দমনপীড়ন নবীপ্রেমিক জনতার আন্দোলনকে বানচাল করতে পারবে না। গতকাল এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।
বিবৃতিতে হেফাজত নেতারা অভিযোগ করেন, আদিলুর রহমানকে গ্রেফতার করে সরকার একদিকে ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পরিচালিত গণহত্যার তথ্য-উপাত্ত গায়েব করার ব্যর্থ চেষ্টা করছে। অন্যদিকে একের পর এক ভিন্নমতের সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়ার পর এখন মানবাধিকার সংস্থাগুলোকে নিষিদ্ধ করার পথে হাঁটছে।
বিবৃতিতে হেফাজত নেতারা দাবি করেন, অধিকার কর্তৃক প্রকাশিত শাপলা চত্বর গণহত্যায় নিহতদের তালিকা একশ’ভাগ সত্য বরং তা নিহতদের ক্ষুদ্রাংশ মাত্র। প্রকৃতপক্ষে নিহতদের সংখ্যা অনেক বেশি।
বিবৃতিদাতারা হলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আমীরে শরীয়ত আল্লামা শাহ আহমদুল্লাহ আশরাফ, নায়েবে আমীর মাওলানা নুর হোসাইন কাসেমী, নায়েবে আমীর মাওলানা শামসুল আলম প্রমুখ।
