গাজীপুরে অবস্থিত কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। তার নাম ফরিদ মিয়া (৪৫)। তিনি শেরপুরের চরভাবনা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত এগারটার দিকে ওই কারাগারে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদী ফরিদ মিয়ার বুকে ব্যথা হয়। প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে রাতেই গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত সাড়ে এগারটার দিকে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক তপন কান্তি সরকার জানান, ফরিদকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। কারাসূত্র জানায়, একটি হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদী ফরিদকে বছর খানেক আগে ময়মনসিংহ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।
