৮০ ভাগ ইসরাইলি ইহুদি যা মনে করে

আপডেট : ১৬ আগস্ট ২০১৩, ২৩:০৪
ইসরাইলের শতকরা ৮০ ভাগ ইহুদি জনগোষ্ঠী মনে করে, ফিলিস্তিনিদের সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হওয়া অসম্ভব। জেরুজালেমে শান্তি আলোচনা পুনরায় শুরুর দুইদিন পর এক জনমত জরিপে একথা বলা হয়েছে। খবর এএফপি’র। আমরা এমন একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারবো কিনা যা সংঘাতের অবসান ঘটাবে? এমন প্রশ্নের জবাবে ৭৯ শতাংশ উত্তরদাতা নেতিবাচক উত্তর দেন। মাত্র ৬.২ শতাংশ উত্তরদাতা হ্যা-সূচক জবাব দেন। আর ১৪.১ শতাংশ কোনো মতামত দেননি। ৫শ’ জন প্রতিনিধিত্বশীল ইহুদির ওপর চালানো এ জরিপের ফল ইসরাইল হায়োমে প্রকাশিত হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান হাগাল হাহাদাশ এটি পরিচালনা করে। সরকারের দীর্ঘদিনের ফিলিস্তিনি বন্দী মুক্তিদান প্রসঙ্গে জানতে চাওয়া হলে ৭৭.৫ শতাংশ উত্তরদাতা বলেন, তারা এর বিপক্ষে। ১৪.২ শতাংশ উত্তরদাতা এর পক্ষে মত দেন। ইসরাইল বুধবার ২৬ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। পর্যায়ক্রমে মোট ১০৪ বন্দীকে মুক্তি দেয়ার কথা রয়েছে। ৬২.৯ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা বন্দী মুক্তির চেয়ে বরং সরকারের পক্ষ থেকে নতুন করে বসতি স্থাপন বন্ধের ঘোষণা দেয়াকে অগ্রাধিকার দেন।