অধিকাংশ মিউচুয়াল ফান্ডের দাম এনএভি’র নিচে

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৪৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগকারীদের বিনিয়োগ অনেক কমে গেছে। ফলে অধিকাংশ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম নিট সম্পদ মূল্যের (এনএভি) চেয়ে কম দামে লেনদেন হচ্ছে। গত ১৪ আগস্ট পর্যন্ত লেনদেনের তথ্য থেকে দেখা গেছে, তালিকাভুক্ত ৪৩টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭৪ শতাংশেরও বেশি ফান্ডের ইউনিটের দাম এনএভির চেয়ে কম। এ ব্যাপারে বাজার বিশেষজ্ঞরা বলেন, মিউচুয়াল ফান্ড সাধারণত এনএভি’র কাছাকাছি দরে লেনদেন হয়। এটা অস্বাভাবিক নয়। তবে সামপ্রতিক সময়ে বাজার মন্দার কারণে অধিকাংশ মিউচুয়াল ফান্ড সম্পদ মূল্যের চেয়ে অনেক কমে লেনদেন হচ্ছে। এ অবস্থায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ। এদিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের কারণে সব মিউচুয়াল ফান্ডই এখন বোনাস দিতে পারবে। এ খবরে কিছুদিন এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও তা স্থায়ী হয়নি। ফলে কয়েকদিন দাম ও চাহিদা বাড়লেও বর্তমানে সে ধারা দেখা যাচ্ছে না। ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, ফান্ডগুলোর মধ্যে ৩২টি মিউচুয়াল ফান্ডের ইউনিট এনএভি’র চেয়ে কম মূল্যে লেনদেন হয়েছে। এনএভি’র চেয়ে কম মূল্যে লেনদেন হওয়া ফান্ডগুলোর মধ্যে ওয়ান জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৫ টাকা ৮০ পয়সা, ১ম আইসিবি ৮৯৩ টাকা ২০ পয়সা, ৩য় আইসিবি ২১৭ টাকা ৫০ পয়সা, ৪র্থ আইসিবি ২১৪ টাকা ৯০ পয়সা এবং ৫ম আইসিবি ১৮৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। ডিএসই’র তথ্যে দেখা গেছে, এবিবি ১ম ৮ টাকা, এআইবিএল ১ম ৬ টাকা ৭০ পয়সা, এইমস প্রথম ৪৪ টাকা ৩০ পয়সা, ডিবিএইচ প্রথম ৫ টাকা ৬০ পয়সা, ইবিএল প্রথম ৮ টাকা ১০ পয়সা, ইবিএল এনআরবি ৯ টাকা, এক্সিম প্রথম ৭ টাকা ৬০ পয়সা, এফবিএফআইএফ ১০ টাকা, গ্রামীণ-টু ১৭ টাকা ৮০ পয়সা, গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ড ৫ টাকা ৩ পয়সা, আইসিবি তৃতীয় এনআরবি ৫ টাকা ১০ পয়সা, আইসিবি এএমসিএল দ্বিতীয় ৫ টাকা ৪০ পয়সা, আইসিবি এমপি প্রথম ৫ টাকা ৬০ পয়সা, আইসিবি সোনালী ৭ টাকা ১০ পয়সা, আইএফআইসি প্রথম ৭ টাকা ৯০ পয়সা, আইএফআইএল ইসলামিক-ওয়ান ৪ টাকা ৯০ পয়সা এবং এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড প্রথম ৭ টাকায় লেনদেন হয়। এছাড়া এমবিএল প্রথম ৬ টাকা ১০ পয়সা, এনসিসি ব্যাংক-ওয়ান ৯ টাকা ৪০ পয়সা, এনএলআই প্রথম ১০ টাকা ৪০ পয়সা, পিএফ প্রথম ৫ টাকা ৪০ পয়সা, পিএইচপি-ওয়ান ৫ টাকা ৬০ পয়সা, পপুলার-ওয়ান ৬ টাকা ২০ পয়সা, প্রাইম ওয়ান আইসিবিএ ৫ টাকা ২০ পয়সা, রিলায়েন্স ওয়ান ১০ টাকা ১০ পয়সা, সাইথইস্ট ব্যাংক প্রথম ৯ টাকা ৫০ পয়সা এবং ট্রাস্ট ব্যাংক-ওয়ান ৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলোর দাম কমে যাওয়ার পরও এ খাতে বিনিয়োগকারীদের আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। অথচ শেয়ারবাজার ধসের আগে মিউচুয়াল ফান্ডগুলোর ইউনিট এনএভি’র চেয়ে অনেক বেশি দামে লেনদেন হতো।