আবারো বাড়ল স্বর্ণের দাম

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২০:৪৯
১৬ দিনের ব্যবধানে আবারো বাড়ল স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে মানভেদে ৮১৭ টাকা থেকে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বেড়েছে। আজ রবিবার থেকে নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস। সংগঠনটির নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ভালো মানের অর্থাত্ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) এক হাজার ১৬৬ টাকা বেড়ে এখন বিক্রি হবে ৫০ হাজার ৭৩৮ টাকায়। আগে এ মানের প্রতি ভরি স্বর্ণ দাম ছিল ৪৯ হাজার ৫৭২ টাকা। ২১ ক্যারেট স্বর্ণে এক হাজার ১০৮ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণের ভরিপ্রতি আগে মূল্য ছিল ৪৭ হাজার ৩৫৫ টাকা, এখন বিক্রি হবে ৪৮ হাজার ৪৬৩ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৯৩৩ টাকা বেড়ে এখন বিক্রি হবে ৪১ হাজার ৫২৩ টাকায়। আগে এ মানের প্রতি ভরি বিক্রি হত ৪০ হাজার ৫৯০ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরিতে বেড়েছে ৮১৭ টাকা। অর্থাত্ ভরিপ্রতি ২৮ হাজার ৩৪৩ টাকার বদলে এখন ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হবে।