র ফি কু ল ই স লা ম
তরুণ অভিনেতা সায়েদ জামান শাওন হালের জনপ্রিয় সব অভিনেত্রীর সঙ্গেই অভিনয় করেছেন। এবার তিনি দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজের সঙ্গে জুটি বেঁধে ঈদের একটি নাটকে অভিনয় করলেন। তারেক রহমানের পরিচালনায় ‘টেডি মোস্তফা’ নাটকে প্রেমিক-প্রেমিকার চরিত্রে দর্শকেরা তাঁদের দেখতে পাবেন। সম্প্রতি রাজধানীর সুত্রাপুরে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও সোহেল খান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শেহতাজ বলেন, ‘তারেক ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। গল্পটা খুব সুন্দর। প্রচণ্ড গরমে আমরা চেষ্টা করেছি কাজটি ভালোভাবে করতে। সত্যি বলতে কী, শিল্পী হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে সবসময়ই আমি আমার চরিত্রে সম্পূর্ণ মনোযোগ দিয়েই কাজ করার চেষ্টা করি। শাওন ভাই অভিনয়ে এখন খুব ভালো করছেন। এই নাটকেও আমরা ভালো করার চেষ্টা করেছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ শাওন বলেন, ‘তারেক ভাই নির্মাতা হিসেবে বেশ প্রমিজিং। নির্মাতা হিসেবে তিনি আমাদের কাছ থেকে কী চান, তা বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েই তা আদায় করে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি জানেন, তিনি কী করছেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর শেহতাজ অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড হয়েছে। এটা আমার কাছে ভালো লেগেছে। তাই এই নাটকে আমাদের দুজনের রসায়নটা দর্শক দারুণ উপভোগ করবেন বলেই আমি মনে করি।’ আসছে ঈদে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে। সম্প্রতি রাকেশ বসুর নির্দেশনায় শাওন ও শেহতাজ একটি নাটকের কাজ শেষ করেছেন নেপালে। শেহতাজ এরইমধ্যে তাহসান খানের সঙ্গে বিশেষ ঈদ নাটক ‘প্রেম করা বারণ’-এর কাজ শেষ করেছেন। শাওন এরইমধ্যে সেতু আরিফ, মাবরুর রশীদ বান্নাহসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নির্দেশনায় ঈদ নাটকে অভিনয় করেছেন। শাওন অভিনীত প্রথম নাটক ছিল বান্নাহর ‘শেষ দৃশ্যের অপেক্ষা’। একই পরিচালকের ‘নাইন অ্যান্ড হাফ’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসেন শাওন।
