ইংল্যান্ড সফরে কোনভাবেই জয়ের মুখ দেখতে পারছে না জাতীয় দলের তারকা সমৃদ্ধ বাংলাদেশ ‘এ’ দল। গত শুক্রবার উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচটিতে সফরকারীরা হারলো ছয় উইকেটের বিশাল ব্যবধানে। সফরে এটা তাদের টানা পঞ্চম হার।
টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৭ রান যোগ করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ। ২২ রান করে ১৫ তম ওভারে শামসুর রহমান শুভ আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রাখেন বিজয়। ওয়ান ডাউনে নামা অধিনায়ক জহুরুল ইসলাম অমি আবারও ব্যর্থ হয়েছেন। আউট হয়ে গেছেন মাত্র ৯ রানে। মিডল অর্ডারে মমিনুল হক ৬৪ ও নাঈম ইসলাম ৪৭ রান করেন। বিজয় আউট হয়ে যান ১১০ রান করে। এরপরে মাত্র সাত রানের মধ্যে জিয়াউর রহমান, মার্শাল আইয়ুব ও সোহাগ গাজী আউট হয়ে গেলে শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৭৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল’। স্বাগতিকদের হয়ে সাইখ চৌধুরী তিনটি ও চার্লস মরিস দুটি করে উইকেট নেন।
২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে নিজেদের মাঠে বড় কোন পরীক্ষার মুখোমুখি হতে হয়নি উস্টারশায়ারকে। দুই ওপেনার টম কোলার-কডমোর ও ড্যারিল মিশেল ৯৭ রান যোগ করার পর জয়ের রাস্তা সহজ হয়ে যায়। কোলার ৪৭ রান করে ইলিয়াস সানির বলে বোল্ড হয়ে ফিরে গেলে অ্যালেক্সি কিরভিজি’র সাথে জুটি গড়েন মিশেল। তাদের ৯২ রানের জুটিতে জয় শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় উস্টারশায়ারের সামনে। ৪৫ রান করে কিরভিজি আউট হয়ে গেলে ক্রিজে আছেন টম ফেল। ১০১ রানে আউট হন মিশেল। বাকিটা কাজ একাই করে টম ফেল। শেষ পর্যন্ত তিনি ৪২ রানে অপরাজিত ছিলেন। মাঝে রস হুইটলি ৭ রানে রান আউট হয়ে ফিরলেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। জো লিচ ২১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন স্পিনার সোহাগ গাজী।
