মে জ বা হ সে লি ম
লায়লা পারভিন। একজন সুঅভিনেত্রী ও মডেল। মিডিয়ায় সক্রিয়ভাবে কাজ করছেন দীর্ঘদিন থেকেই। শুরুটা হয়েছিল অনেকটা শখের বশে। সেই শখ কখন যে পেশায় পরিণত হয়েছে তা নিজেও বলতে পারেন না তিনি। নায়িকা হওয়ার স্বপ্ন মনের গহীনে লালন করেই শৈশব-কৈশোর কাটিয়েছেন মাগুরা জেলার শালিখা উপজেলার মফস্বলে। পারিবারিক রক্ষণশীলতার মধ্যে বেড়ে উঠলেও শোবিজ মিডিয়ার রুপালি জগত্ তাঁকে সর্বদাই হাতছানি দিয়েছে। অনেক চেষ্টা করেও বাস্তবতার নাগাল পাননি। নায়িকা হওয়ার স্বপ্ন থেমেও যায় একসময়। রাজধানী ঢাকায় এসে অবশেষে অধরা স্বপ্ন বাস্তবে রূপ নেয় ২০০৩ সালে। লায়লা প্রথম অভিনয়ে নাম লেখান বিটিভির প্রখ্যাত নাট্যকার ও প্রযোজক শেখ রিয়াজ উদ্দিন বাদশার ‘প্রত্যাশার আলো’ নাটকে। প্রথম নাটকের মধ্য দিয়ে তাঁর প্রতিভার দ্যুতি প্রকাশিত হতে শুরু করল। এরপর বিভিন্ন নাটক, অনুষ্ঠান ও মডেলিংয়ে অসম্ভব ব্যস্ত হয়ে ওঠেন লায়লা। তিনি বিটিভিতে অভিনয় করেছেন এম আজিজুল হকের ছোটদের অনুষ্ঠানে, শেখ সোহরাব হোসেনের ‘সবার জন্য শিক্ষা’ নাটকে, রেজাউল হক আল কাদরির কৈশোর নাটিকায় এবং দেলোয়ার হোসেন দিলুর ‘লোক গাঁথা’ নাটকে। ইদ্রিস হায়দার পরিচালিত ১৩ পর্বের ধারাবাহিক নাটক ‘মুনিয়া’তে এবং এক ঘণ্টার নাটক ‘ব্যাচেলর’-এ সাবলীল অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। তাছাড়া সোহাগ পরিচালিত কৌতুক চিত্র ‘এক বউয়ের তিন স্বামী’ এবং মোহাম্মদ সারোয়ার মিয়া প্রযোজিত ও বিটিভিতে প্রচারিত ‘চোর’ নাটকে চোরের বউয়ের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। লায়লা অভিনীত কাজলী পরিচালিত পরিবার পরিকল্পনা বিষয়ক নাটিকা ‘সুখী পরিবার’ সম্প্রতি বিটিভিতে প্রচারিত হয়েছে। জামাল উদ্দিন জামান পরিচালিত নাটক ‘কামড়’ ও ‘নিরবে নিভৃতে’ অভিনয় করেছেন তিনি। লায়লা পারভিনের বিজ্ঞাপনচিত্রের ফিরিস্তিও খুব সংক্ষিপ্ত নয়। অনীক পরিচালিত সাঁকো টেলিফিল্মের ক্লাসকি বিস্কুট, মাসুদ কায়নাথের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সুলতান হোসেন পরিচালিত এসডিবিএল লুঙ্গি, কাজল পরিচালিত টেলিগো মোবাইল প্রভৃতি উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রে তিনি মডেল হিসেবে সাবলীল পারফর্ম করেছেন। নাটক, মডেলিং ছাড়াও লায়লা পারভিন তৈয়বুর রহমান তৈয়ব পরিচালিত ‘জঙ্গল দীপের টারজান’ নামক একটি পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্রেও অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এখনো তৃপ্ত নন লায়লা। সুস্থ বিনোদনে পূর্ণ, মার্জিত ও জীবন ঘনিষ্ঠ ধারার নাটকে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সংখ্যার হিসেবে শুধু উপরে ওঠা নয়, বরং অভিনয়ের প্রকৃত অভিজাত রূপে দর্শক হূদয়ে নিজেকে উজ্জ্বল রাখাই লায়লা পারভীনের মূল লক্ষ্য।
