স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের বিম ধসে ১ জন আহত

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:৫৪
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয়তলা ছাদের বিম ধসে গত বৃহস্পতিবার এক দর্শনার্থী মহিলা আহত হয়েছে। এ ঘটনায় রোগীদের মাঝে আতংক বিরাজ করছে। তবুও জরাজীর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিত্সাসেবা। দ্বিতীয়তলা ভবনের ছাদের বিভিন্ন স্থানে অসংখ্য ফাটল দেখা দিয়েছে। প্রায় সময়ই ছাদের প্লাস্টার খসে পড়ছে। গত বৃহস্পতিবার সকালে ছাদের বিম ধসে মায়ারানী (৫৫) নামে এক দর্শনার্থী আহত হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান পাশের বেডের সঞ্জিত জোয়ার্দার ও সেলিম বাবু। কর্তব্যরত নার্স সেফালী রানী সাহা ও জুয়েলা নাসরিন বলেন, আমরা আতংকের মধ্যে দায়িত্ব পালন করছি। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রধান অফিস সহকারী ইখলাছ হোসেন বিশ্বাস বলেন, হাসপাতালের মতোই একই অবস্থা ২য় ও ৩য় শ্রেণির কোয়ার্টারগুলো। এগুলো সম্পূর্ণ বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস মোবাইলে জানান, বিষয়টি আমি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে যত দ্রুত সম্ভব এর সংস্কার করা হবে ।