আজ বাকৃবির প্রতিষ্ঠা দিবস

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২১:৫৪
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৫৩তম প্রতিষ্ঠা দিবস আজ রবিবার। বাংলাদেশের কৃষি সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া দিয়ে একটি শক্তিশালী আর্থ-সামজিক অবকাঠামো উপহার দেয়ার লক্ষ্যে ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠা লাভ করেছিল এ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ বিশ্ববিদ্যালয় মানসম্মত উচ্চতর কৃষি শিক্ষা ও গবেষণার নিশ্চয়তা বিধান এবং নতুন নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে এ দেশের কৃষি উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে র্যালী, বৃক্ষরোপণ, ফিচার প্রদর্শনী ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো, রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ডীন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মনোরঞ্জন দাস ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সুলতানউদ্দিন ভূঞা। বাকৃবি খুলছে আজ পবিত্র রমজান, শবে-কদর, ঈদুল ফিতর ও জাতীয় শোকদিবস উপলক্ষে ১২ দিনের ছুটি শেষে (বাকৃবি) আজ রবিবার খুলছে। আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল ধরনের কার্যক্রম শুরু হচ্ছে।