নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। হাতিয়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সেবার জন্য সরকারি অর্থে কেনা একমাত্র নৌ-এম্বুলেন্সটি দীর্ঘদিন যাবত্ বিকল হয়ে পড়ে আছে। শুধু তাই নয়, কেনার পর থেকে গত ৫ বছরে একজন রোগীও এ এম্বুলেন্সের সেবা পায়নি বলে অভিযোগ রয়েছে। দ্বীপের ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২৪ লাখ টাকা মূল্যের অত্যাধুনিক এ নৌ-এম্বুলেন্সটি সরবরাহ করা হয়। হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক নাজিম উদ্দিন জানান, পর্যাপ্ত, জনবল, চালক ও রক্ষণাবেক্ষণের অভাবে অম্বুলেন্সটি অকেজো হয়ে পড়ে আছে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাতিয়ার সঙ্গে জেলা সদরের মূল ভূখণ্ডের নৌ-যোগাযোগ ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং হাতিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে না পারায় স্বাস্থ্য মন্ত্রণালয় ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে জরুরি রোগী আনা-নেয়ার জন্য একটি অত্যাধুনিক নৌ-এম্বুলেন্স সরবরাহ করে। সরবরাহের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত নৌ-এম্বুলেন্সটির চালক ও সঠিক তত্ত্বাবধান না থাকায় এখন অনেকটাই বিকল। ২৪ লাখ টাকা মূল্যের এম্বুলেন্সটি এখন উপজেলার তবরুদ্দি ইউনিয়নের কোস্টগার্ড কন্টিনজেন্ট অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুরে বেঁধে রাখা হয়েছে।
