সুন্দরবন রক্ষায় জিপিএস পদ্ধতির টহল প্রকল্প চালু করা হচ্ছে

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০১
সুুন্দরবনকে চোরা শিকারী, গাছ পাচারকারী ও অবৈধ জেলে বাওয়ালীদের হাত থেকে রক্ষা করতে অত্যাধুনিক টহল সিস্টেম প্রকল্প চালু করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় সুন্দরবনের গাছপালা বন্যপ্রাণীসহ মত্স্য সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। ফলে এ বন তার হারানো জৌলুস আবার ফিরে পাবে। জলবায়ু পরিবর্তনজনিত ঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পাবে সুন্দরবন অঞ্চলের কয়েক কোটি মানুষ। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় সিলস প্রকল্প মিস্ট সুন্দরবন রক্ষায় এ অত্যাধুনিক টহল প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এটি সম্পূর্ণ জিপিএস সিস্টেম টহল প্রকল্প। যার মাধ্যমে সুন্দরবন ম্যানেজমেন্ট ও বন রক্ষা খুবই ফলপ্রসূ হবে বলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মোঃ খলিলুর রহমান জানিয়েছেন। তিনি আরো জানান, এ সিলস প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার থেকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে বনরক্ষীদের প্রশিক্ষণ প্রদানের কাজ শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের আওতায় প্রথম পর্বে বন কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ‘জিপিএস সিস্টেম টহল প্রকল্প’ পরিচালনার জন্য এ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করা হচ্ছে। বনরক্ষীরা এ প্রশিক্ষণ গ্রহণ করে সহজে জিএসপি পদ্ধতির মাধ্যমে সুন্দরবনকে রক্ষা করতে পারবে। এমআইএস কনসালটেন্ট মোঃ হাবিবুর রহমান ও সহকারী বন সংরক্ষক খলিলুর রহমান জিএসপি পদ্ধতির কর্মশালা পরিচালনা করছেন। পূর্ব সুন্দরবনে ডি এফ ও চৌধুরী আমির হোসেন জানান, এ সিলস প্রকল্প পুরোদমে কার্যক্রম শুরু করলে সুন্দরবন জলদস্যু, বনদস্যু, চোরা শিকারী, গাছ পাচারকারী ও অবৈধ জেলে-বাওয়ালীদের হাত থেকে রক্ষা পাবে।