মংলায় খালের অবৈধ বাঁধ অপসারিত

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০১
মংলার মালগাজী গ্রামে বহমান যোহনের সরকারি খালের উপর চিংড়ি ঘের মালিকের নির্মিত অবৈধ বাঁধ প্রশাসনের সহযোগিতায় অপসারণ করেছে এলাকাবাসী। বুধবার পুলিশের উপস্থিতিতে মালগাজী গ্রামবাসী সম্মিলিতভাবে খালের অবৈধ এ বাঁধ কেটে দেয়। এদিকে বাঁধ কাটার ফলে ওই এলাকায় ধান উত্পাদন বৃদ্ধি, জলাবদ্ধতা দূর, লবণাক্ততা হ্রাসসহ পরিবেশ ও প্রাণ-বৈচিত্র্যর সুরক্ষা হবে বলে জানিয়েছেন গ্রামবাসী। মালগাজী গ্রামের কৃষি জমির মালিক যোশেফ সরকার, শিরাফিন সরকারসহ অনেকেই জানান, সিএস ও আরএস রেকর্ড অনুযায়ী মালগাজী গ্রামের যোহনের খাল একশ’ বছরেরও বেশি পুরোনো খাল। রেকর্ড অনুযায়ী খালটি জনসাধারণের পানি নিষ্কাশনের জন্য ব্যবহূত এবং তত্কালীন ইউনিয়ন বোর্ড কর্তৃক রক্ষিত। এ কারণে প্রশাসনের সহযোগিতায় ভুক্তভোগী গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে খালের অবৈধ বাঁধ কেটে দিয়েছে। অপরদিকে ওই খালের চিংড়ি ঘেরের জমির মালিক নাজমুল ইসলাম দাবি করেন, খালটি তার নিজস্ব জমির উপর। সেখানে কোন সরকারি খাল নেই। চিংড়ি ঘেরের মালিক জাহাঙ্গীর মল্লিক দাবি করেন বলেন, স্বার্থান্বেষী মহল জোর-জবর দখল করে খাল কাটলো। খাল কাটার ফলে ঘেরের সমস্ত মাছ বাইরে চলে গেছে। এ ব্যাপারে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা ড. মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সার্ভেয়ার দিয়ে জরিপ করে সেখানে রেকর্ডীয় খালের অস্তিত্ব পাওয়া গেছে।