দুই ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত প্রতিবন্ধীর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০২
সাভারে ছাত্রলীগ নেতাদের পিটুনিতে আহত প্রতিবন্ধী যুবক শামীম (২৫) তিন দিন সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শনিবার ভোরে মারা গেছেন। এর আগে সাভারে শামীম হোসেন ফকির নামের ঐ প্রতিবন্ধী যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে উপজেলা ছাত্রলীগের দুই নেতা। নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়, সাভার বাজারে একটি মোবাইল ফোনের দোকানে টাকা ফ্লাক্সিলোড করা নিয়ে শামীমের সঙ্গে গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সাভার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম ফয়সাল ও যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান জনির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা লোহার রড দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। শামীমকে অচেতন অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই শামীমের মা ছাত্রলীগের ঐ নেতাদের বিরুদ্ধে মামলা করেন। সাভার থানার ওসি (তদন্ত) আমিনুর রহমান বলেন, পূর্বের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। বড় ভাইকে হত্যার অভিযোগ সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার বড় ভাইকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট বোন ও বোন জামাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের বোনসহ ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।