চৌমুহনীতে ডাক্তার নার্স থাকলেও ভবন নেই

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৩
বেগমগঞ্জ উপজেলায় ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারী থাকলেও নেই স্বাস্থ্য কমপ্লেক্স ভবন। মাতৃসদন কেন্দ্রের ছোট দ্বিতল ভবনে ছোট পরিসরে চলছে চিকিত্সাসেবা। ডাক্তার ও নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা বসার জায়গা না পেয়ে অধিকাংশ সময় বাইরে ঘোরাফেরা করে সময় পার করেন। এছাড়া কোন কোন ডাক্তার ও কর্মচারী অন্যত্র ডেপুটেশনে রয়েছেন। চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে বেগমগঞ্জবাসী। নোয়াখালী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০০৫ সালে বজরা থেকে জরুরিভিত্তিতে চৌমুহনী শহরে অবস্থিত বেগমগঞ্জ মাতৃসদন ও শিশুকল্যাণ কেন্দ্রে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য সরকারি হুকুমদখলকৃত ৬ একর ভূমি বরাদ্দের জন্য নোয়াখালী জেলা প্রশাসন যাবতীয় প্রক্রিয়া শেষ করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের পর কয়েক বছর পার হলেও তা অনুমোদন না হওয়ায় ভবন নির্মাণ করা যাচ্ছে না। ভবন নির্মাণের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ হয়ে পড়ে আছে। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, মন্ত্রণালয় কেন ভূমি বরাদ্দ দিচ্ছে না তা বোধগম্য নয়। স্বাস্থ্য কমপ্লেক্স ভবন না থাকায় চিকিত্সাসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।