চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীরা একটানা তিনঘন্টা যৌথ টহল দিয়েছেন। শুক্রবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত এ যৌথ টহল চলে। জীবননগর গয়েশপুর সীমান্তের ৬৩ নং মেইন পিলার থেকে ৬৪ নং মেইন পিলার পর্যন্ত পাঁচ কিলোমিটার সীমান্ত জুড়ে এ টহল চলে। বিজিবির গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার জানান, ‘সীমান্তে চোরাচালান প্রতিরোধের জন্য মাঝে-মধ্যে দু’দেশের সীমান্তরক্ষীদের নিয়ে যৌথ টহলের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে শুক্রবারের এ যৌথ টহলের আয়োজন।’ এতে বাংলাদেশের পক্ষে ৮ সদস্যের বিজিবি টিমের নের্তৃত্ব দেন বিজিবির গয়েশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার। ভারতের ১০ সদস্য টিমের নের্তৃত্বে ছিলেন ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার বানপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জয়দেব সিং। এই টহল চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।
