সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:০৪
বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় পরকিয়া প্রেমে বাধা ও যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আপন মণ্ডল নামের এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ। বিয়ের সময় মেয়েকে স্বর্ণের গহনা দেয়া ছাড়াও দরিদ্র সুমন মণ্ডল জামাতাকে নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের আংটি দেন। দেড় বছর বয়সী এক পুত্র সন্তানের জননী জয়া মণ্ডল অভিযোগ করেন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আপন মণ্ডল তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এছাড়া পাখি নামের এক মেয়ের সঙ্গে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় স্বামীর নির্যাতনের শিকার হতে হয় তাকে। মুন্সীগঞ্জে সংঘর্ষে ৮ জন আহত মুন্সীগঞ্জ প্রতিনিধি\ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে মিরকাদিম খেয়াঘাটের মাঝিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। খেয়াঘাটের মাঝি মো. রমজান ও মো. আলমগীরের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়। সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ট্রলার দিয়ে যাত্রী পারাপার নিয়ে রমজান মাঝি ও আলমগীর মাঝির সাথে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় রমজান মাঝি বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেছে। চট্টগ্রাম চেম্বারে স্বাস্থ্য বিষয়ক সেমিনার চট্টগ্রাম অফিস\ চট্টগ্রামবাসীকে আধুনিক চিকিত্সা ব্যবস্থা সম্পর্কে সজাগ করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের (এসএনইউ) যৌথ উদ্যোগে সেমিনার ও কনসালটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে এসএনইউ হসপিটালের চিকিত্সা সংক্রান্ত সুযোগ-সুবিধার বর্ণনা দিয়ে তথ্য চিত্র প্রদর্শন করেন হাসপাতালের ব্যবস্থাপক জাং ফেং। এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ, মো. সিরাজুল ইসলাম ও স্কেপ বাংলাদেশের সিইও ডব্লিউআরআই মাহমুদ। কসবায় ৭ লাখ টাকা যুব ঋণ বিতরণ কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ কসবা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৮ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলার মাঝে বিভিন্ন প্রকল্পে ৭ লাখ ১০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমানের সভাপতিত্বে ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম অ্যাডভোকেট এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুঁইয়া বকুল, সহকারী কমিশনার (ভূমি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ। চাটখিলে ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদ চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী জেলার চাটখিলের খিলপাড়া বাজারের ব্যবসায়ী মমিন উল্যাকে (৫৫) মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও তার পরিবারকে পুলিশি হয়রানির প্রতিবাদে গত শুক্রবার খিলপাড়া বাজার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দক্ষিণ বাজার হাজী রহিম মার্কেট চত্বরে এক বিশাল মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির নেতা আহম্মদ উল্যা খান, মাজহারুল ইসলাম আজাদ, মোহাম্মদ হোসেন দুলাল মেম্বার প্রমুখ। ধামরাই বিএনপিতে চাঙ্গা ভাব ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিনের অনুসারীদের মাঝে হঠাত্ চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের আনাগোনা বেড়ে গেছে। বিষয়টি লক্ষণীয়। এটা অভ্যন্তরীণ মতপার্থক্য ও জটিলতা নিরসনের পূর্বলক্ষণ। চৌদ্দগ্রামে হোমিও চিকিত্সা বিষয়ক মতবিনিময় চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শনিবার সকালে ড্রিম টুগেদার লিমিটেডের উদ্যোগে হোমিও চিকিত্সা বিষয়ক মতবিনিময় সভা আইডিয়াল হোমিও ক্লিনিকে অনুষ্ঠিত হয়। জহিরুল ইসলামের তত্ত্বাবধানে সভায় বক্তব্য রাখেন সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, জিএস মোরশেদ ও জসিম উদ্দিন প্রমুখ। সভায় বিভিন্ন রোগে আক্রান্ত রোগীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রামগঞ্জে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলার ২নং ইউনিয়নের নোয়াগাঁও বাজারে গতকাল শনিবার সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মোঃ মোতালেব (১৯) ও মোঃ ইউসুফ (২২) নামের দুই ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক আহত করে। জানা যায়, নোয়াগাঁও গ্রামের মোঃ শাকিল (২৩), মিনহাজ (২০), সালমান (২৫) এর নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী হঠাত্ নোয়াগাঁও বাজারে এসে মোতালেব ও ইউসুফের উপর অর্তকিত হামলা করে অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে চলে যায়। সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকা এবং তাদের ব্যবহূত দুটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা সিরাজগঞ্জ প্রতিনিধি \ শোকাবহ আগস্ট উপলক্ষে গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্থানীয় বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে অনুষ্ঠিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুল ইসলাম সজল এতে সভাপতিত্বে করেন। বঙ্গোপসাগর থেকে ১০ লাখ টাকার জাল উদ্ধার শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা\ বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ট্রলিং ট্রলারের ১৫ মণ ওজনের একটি বড় জাল উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মত্স্য ব্যবসায়ী আবুল কালাম শুক্রবার জানান, তার মালিকানাধীন এফবি বিধান ফিশিং ট্রলার সোমবার গভীর সাগরে জাল ফেলে ইলিশ আহরণ করছিল। এ সময় তার জালে ট্রলিং ট্রলারের একটি বড় জাল এসে পেঁচিয়ে যায়। পরে সেটি সে উদ্ধার করে নিয়ে আসে। বাজিতপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ উপজেলা প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের কারণে গত শুক্রবার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের নবম শ্রেণীর ছাত্রী শোভা আক্তার (১৪) বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষ পেল। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর হোসেন এ বিয়ের কথা জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসউদকে পুলিশ ফোর্সসহ দ্রুত বিয়ে বাড়ীতে পাঠান। তারা ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেঙে দেন এবং শোভা আক্তারের মামা বাবুল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। ভাঙ্গুড়ায় মনোনয়ন প্রত্যাশীর গণসংযোগ ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা\ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর বিএইচএমএল ফ্যাশান এন্ড সুয়েটারস লিঃ-এর মালিক শিল্পপতি রাজিউল হাসান বাবু পাবনা-৩ আসন হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ শুরু করেছেন। উপজেলা বিএনপির সদস্য রাজিউল হাসান বাবু ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুর নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ করা ছাড়াও অসংখ্য মসজিদ উন্নয়নে ব্যাপক আর্থিক সহায়তা করেছেন। তাই দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। ধামরাইয়ে রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেলে মহড়া ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ গতকাল শনিবার ধামরাইয়ে মোটর সাইকেল মহড়া দিয়েছে ব্যারিস্টার জিয়ার অনুসারীরা। মহড়ায় ব্যবহূত প্রায় শতাধিক মোটর সাইকেলের অধিকাংশ ছিল রেজিস্ট্রেশনবিহীন এবং ভাড়াকৃত। উপজেলাব্যাপী বিএনপির এ বিশাল শোডাউনে উপস্থিত ছিলেন ধামরাইয়ের চারবারের সাবেক এমপি, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনসহ অনেকে। মাগুরায় সংঘর্ষে আহত ৫ \ দোকান ভাংচুর মাগুরা প্রতিনিধি\ মাগুরা পৌর এলাকার ভিটাসাইর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ জন আহত হয়েছে এবং দু’টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। জানা গেছে, গত শুক্রবার দুপুরে ভিটাসাইর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার সন্ধেহে দু’জনকে গ্রেফতার করেছে। এলাকায় পুলিশ টহল চলছে। মুকসুদপুরে ৪৭ কেজি গাঁজা উদ্ধার টেকেরহাট ও মুকসুদপুর সংবাদদাতা\ মাদারীপুর র্যাব ৮-এর এএসপি সুমন দেবের নেতৃত্বে র্যাব সদস্যরা গতকাল শনিবার ভোরে টেকেরহাট ফরিদপুর সড়কের মুকসুপুর উপজেলাধীন দিগনগর ব্রীজের ঢালে বাগাট নামক স্থান চেকপোস্ট বসিয়ে গাড়ী তল্লাশী করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার ও তিন গাঁজা ব্যবসায়ীসহ গাড়ীটি আটক করে মুকসুদপুর থানা সোপর্দ করেছে। মোরেলগঞ্জে যুবতীর ভাসমান লাশ উদ্ধার মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা\ বাগেরহাটের তৈলিগাতী ইউনিয়নের চাপড়ি গ্রামের মত্স্য ঘের থেকে কুলসুম আকতার ঘুনু (১৮) নামের যুবতীর লাশ উদ্ধারের ঘটনায় গতকাল শনিবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম আকতারকে আপহরণ করে গুম ও ধর্ষণ করে হত্যা করে করা হয়। দেবীগঞ্জের পূর্ব দেবীডুবা স্কুল পরিদর্শন দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলার পূর্ব দেবীডুবা উচ্চ বিদ্যালয়কে কলেজিয়েট করার জন্য স্কুল কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়ে আবেদনের সূত্র ধরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে একটি পরিদর্শন টিম গত শনিবার বিদ্যালয় পরিদর্শন করেছেন। এ সময় বিদ্যালয়ের সভাপতি দেবীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু তোরাব সরকার, মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মহেশপুরে ৪ মোটরসাইকেল ছিনতাইকারী আটক মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি \ ঝিনাইদহের মহেশপুরে চোরাই মোটরসাইকেলসহ ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলেন, জীবননগরের হাসাদহ গ্রামের দবির (২৪), মাগুরা মোহাম্মদপুর গ্রামের মোস্তাফিজুর (১৮), খালিশপুরের আনন্দ কুমার (১৮) ও মারুপদাহ গ্রামের সৌভন (১৯)। মহেশপুর থানার ডিউটি অফিসার এসআই জামান জানান, গত শুক্রবার ঐ ৪ ছিনতাইকারীর কাছ থেকে ১টি ১০০ সিসি বাজাজ মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে। নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডঃ শাহ জিকরুল আহমেদ খোকন, বিশেষ অতিথি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, কৃষি কর্মকর্তা মোঃ শহীদুল হক, জাসদ নেতা সামছুল হক দুলাল। বক্তব্য রাখেন মোশারফ হোসেন সরকার, মোঃ ইকবাল হোসেন, পার্থ চক্রবর্তী, আসাদুজ্জামান কল্লোল প্রমুখ। মণিরামপুরে ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ মণিরামপুর (যশোর) সংবাদদাতা \ মণিরামপুরে কোন অভিযোগ ছাড়াই আটক শ্রমিক নেতা আশরাফুজ্জামান লাভলুর মুক্তি ও ওসির অপসারণের দাবিতে শনিবার যশোর-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। শ্রমিক নেতার মুক্তির পর মণিরামপুর থানার ওসির অপসারণের দাবি জানিয়ে সমাবেশ করে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা সেলিম রেজা মিঠু, ইদ্রিস আলী খোকন, বাবলুর রহমান প্রমুখ। দিনাজপুরে মত্স্য অবমুক্তকরণ অনুষ্ঠান দিনাজপুর অফিস \ গতকাল শনিবার মত্স্য অধিদপ্তরের আয়োজনে খানসামা ডিগ্রি কলেজ সংলগ্ন পুকুরে মত্স্য অবমুক্ত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা মত্স্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম জিয়াউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক শফিউল আযম চৌধুরী লায়নসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দ। মহেশপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩৫ ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাস উল্টে শিশু ও মহিলাসহ কমপক্ষে ৩৫ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার মহেশপুর-জলুলী সড়কের পাথরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার এসআই কামরুজ্জামান জানান, বাসটি জলুলী থেকে মহেশপুরের দিকে আসছিল। পাথরা পৌঁছলে একটি আলমসাধুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে বাসটি উল্টে যায়। কালীগঞ্জে চেয়ারম্যান-মেম্বারদের মিলনমেলা কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কালীগঞ্জে ২ নং জামাল ইউনিয়ন পরিষদে গত শুক্রবার চেয়ারম্যান ও মেম্বারদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান। উক্ত অনুষ্ঠানে ১৯৭৪ সালে জামাল ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে নির্বাচিত সাবেক ও বর্তমান চেয়ারম্যান এবং মেম্বারগণ উপস্থিত ছিলেন। পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু লালমনিরহাট প্রতিনিধি \ পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর প্রথম বাঁশকল সংলগ্ন রেলগেটে গত শুক্রবার ট্রেনে কাটা পড়ে করিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু ঘটে। করিম বুড়িমারী ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনের উপরে উঠে আসার সময় বাঁশকল সংলগ্ন স্থানে বিদ্যুতের তারের সাথে লেগে ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক শুকুমার রায় জানান, লালমনিরহাট রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে প্রেসক্লাবে আলোচনাসভায় বক্তব্য দেন জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট ইমরান চৌধুরী, জেলা আদিবাসী পরিষদের সভাপতি বাবুল তিগ্যা, আদিবাসী নেতা আহসানুল হক বাবু, সুজন কুঞ্জুন প্রমুখ। সুবিদখালী ডিগ্রি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল শনিবার সুবিদখালী ডিগ্রি কলেজের দ্বিতল একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ফলক উন্মোচন করেন ধর্ম প্রতিমন্ত্রী ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া এমপি। এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ বাবু কৃষ্ণপদ মণ্ডলের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগ নেতা খান মোশাররফ হোসেন, কাজী আলমগীর হোসেন প্রমুখ। চুয়াডাঙ্গার মেদেনীপুর সীমান্তে মদ ও ফেনডিসিল উদ্ধার চুয়াডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদেনীপুর সীমান্ত এলাকা থেকে ২০৮ বোতল ভারতীয় মদ ও ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার ভোররাতে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করে। কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ৫ কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাত্র আধা ঘন্টায় একটি পাগলা কুকুর শিশুসহ পাঁচজনকে কাঁমড়িয়ে আহত করেছে। গতকাল শনিবার উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। দাগনভূঞার ইয়াকুবপুরে ছাত্রদলের আহবায়ক কমিটি দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ ইয়াকুবপুর ইউনিয়ন ছাত্রদলের ৩১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক সায়মুন হক রাজিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গত শুক্রবার তৌহিদুল আলম মানিককে আহবায়ক ও হারুনুর রশিদ পারভেজ, শাহিনুল ইসলাম, মাজহারুল ইসলাম সজিব, আবু ছায়েদ বাবলু, ইকবাল হোসেন শিবলুকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাসাসে যোগ দিলেন গাজীপুর বিপুলসংখ্যক নেতা কর্মীর গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসে যোগ দিয়েছে। গতকাল শনিবার সকালে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শ্রীপুর উপজেলা শাখার সভাপতি শেখ আপেল মাহমুদের নেতৃত্বে অর্ধ-শতাধিক নেতাকর্মী বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপির অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস এ যোগদান করে। এ উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর থানা জাসাসের সভাপতি কবির মণ্ডল।