নাঙ্গলকোটে দুই ভাইয়ের দ্বন্দ্বে সংঘর্ষে ভাতিজা নিহত, আহত ২০

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৪১
জেলার কুমিল্লার নাঙ্গলকোটে ২ ভাইয়ের দ্বন্দ্বের কারণে গত শুক্রবার ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ভাতিজা হারুনুর রশিদ (৪০) নামে ১ জন নিহতসহ ২০ জন আহত হয়েছেন। উপজেলার বাঙ্গড্ডা ইউপির রুপাবেরী গ্রামের সম্পত্তি নিয়ে ২ ভাই আবদুল মজিদ ও ডা. আবদুর রহিমের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। নিহতের ভাই শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার ২ ভাইয়ের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ সময় একদল বহিরাগত সন্ত্রাসী আবদুল মজিদের বাড়ি থেকে স্বর্ণালংকার, মোটর সাইকেলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। সংঘর্ষে আহতদের মধ্যে হারুনুর রশিদ, মন্তু মিয়া, মনসুর আহম্মদ, শাহিন, আবু তাহের, মানিক মিয়া, খোকন মিয়া, রুহুল আমিন, পেয়ারা বেগম, নাছিমা বেগম ও আতর ইসলামকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আবদুল মজিদের ছেলে হারুনুর রশিদের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মারা যান।