আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট। ১৩ বছর আগে এই দিনে আলফ্রেড সরেনকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করলেও এখন পর্যন্ত মামলার কোন সুরাহা হয়নি। ভূমি দস্যুদের অব্যাহত হুমকি-ধামকি ও ষড়যন্ত্রের কারণে আদিবাসীদের অনেকেই ইতিমধ্যে ভীমপুর আদিবাসী পল্ল¬¬ী ত্যাগ করেছে। ইতিমধ্যে কয়েক দফায় এই মামলার বাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং সেখান থেকে চলে না গেলে আলফ্রেডের মতো সকলের পরিণতি হবে বলে হুমকি দেয়া হয়েছে। এছাড়াও একটি মহল মামলাটি উচ্চ আদালতে স্থগিত করে রেখেছে বলে আদিবাসীরা অভিযোগ করেছে। এসব ঘটনায় শেষ পর্যন্ত আলফ্রেড সরেনের বিচার হবে কিনা- এই নিয়ে আদিবাসী পরিবারগুলো চরম সংশয় প্রকাশ করেছে।
আলফ্রেড সরেনের ছোট বোন ও হত্যা মামলার বাদি রেবেকা সরেন বলেন, হাতেম আলী এবং শীতেষ ভট্টাচার্য গদাই-এর ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী আমার চোখের সামনে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। গত ১৩ বছরে আওয়ামী লীগ, বিএনপি, তত্ত্বাবধায়ক সরকার, জরুরী আইনসহ অনেক সরকার দেখলাম কারো কাছে বিচার পেলাম না। প্রতিদিন আমাদের হত্যার হুমকি দেয়া হচ্ছে।
