ইলিয়াস আলীর সন্ধান দাবিতে উত্তপ্ত সিলেট

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫৫
বিএনপির সাংগঠনিক সমপাদক ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানে আবারো উত্তপ্ত হয়ে উঠছে সিলেটের রাজনৈতিক ময়দান। প্রধান বিরোধীদল বিএনপির নেতৃত্বে সিলেটে সরকারবিরোধী আন্দোলন বেগবান করতে নানা প্রস্তুতি চলছে। বিভিন্ন স্থানের তৃণমূল নেতাদের চলছে যোগাযোগ। গতকাল শনিবার ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আগামী ২৯ আগস্ট সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, ওলামাদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ হরতাল আহ্বান করা হয়। হরতালশেষে লাগাতার কর্মসূচি ঘোষণারও হুমকি দেন সংগঠনগুলোর নেতারা। বিএনপি নেতা এম ইলিয়াস আলী ১৬ মাস আগে ঢাকা থেকে নিখোঁজ হন। একইসঙ্গে নিখোঁজ হন তার ড্রাইভার আনসার আলী। পরে পুলিশ তার ব্যক্তিগত গাড়িটি উদ্ধার করলেও তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল দুপুরে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, তাঁতীদল, ওলামাদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর ধোপাদিঘীরপাড় হাফিজ কমপ্লেক্স থেকে মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৯ আগস্ট সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। এর আগে হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া। সূত্র জানায়, আগামী কয়েকদিনের মধ্যে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠন নানা পরিকল্পনায় মাঠে নামছে। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ইত্তেফাককে বলেন, ‘‘আমরা দেশনেত্রী বেগম জিয়ার নির্দেশনায় মাঠেই আছি। এখন তত্ত্বাবধায়ক সরকার, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিসহ জাতীয় দাবিতে সিলেটের রাজ পথ প্রকম্পিত করতে ব্যাপক প্রস্তুতি চলছে।’’ কয়েকদিন আগে লন্ডনে একটি টিভি চ্যানেলে এম ইলিয়াস আলীর ভাই আসকির আলীর এক সাক্ষাত্কারে ইলিয়াস আলী ভারতের একটি জেলে আছেন বললে নেতাকর্মী ও সিলেটের অনেকের মধ্যেই চাঙ্গাভাব দেখা দেয়। বিশ্বনাথে মিছিল-সমাবেশ বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা জানান, সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিএনপি গতকাল বিক্ষোভ মিছিল করেছে। বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদিক্ষণশেষে স্থানীয় বাসিয়া সেতুর ওপর সভায় মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া চেয়ারম্যান, দপ্তর সম্পাদক বশির আহমদ, যুবদল নেতা আহমদ নূরউদ্দিন, ছাত্রদল নেতা শামছুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে হরতালসহ কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে। ২৯ আগষ্ট সকাল-সন্ধ্যা হরতাল পালন করার জন্য উপজেলাবাসীর প্রতি আহবান জানান। ইলিয়াস মুক্তি যুবসংগ্রাম পরিষদ বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়ামাহফিলের আয়োজন করে। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহিদ আলী, সংগ্রাম পরিষদ নেতা আবদুল মুমিন মামুন, নানু মিয়া, রাসেল আহমদ প্রমুখ।