যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, যত ষড়যন্ত্রই হোক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ দেশে তাদের রাজনীতিও নিষিদ্ধ হবে। স্বাধীনতা যুদ্ধে যেমন বিজয় ছিনিয়ে এনেছি তেমনি আগামী দিনে বিজয়ের জন্য সকলকে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে ।
গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ সেলিম এসব কথা বলেন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শেখ সেলিম বলেন, জাতীয় শোক দিবসে কেক কেটে জন্মদিন পালন করে বেগম খালেদা জিয়া বুঝাতে চাচ্ছেন তিনি খুনিদের সাথে আছেন। তিনি বলেন, ‘যাদের মধ্যে বিন্দুমাত্র মনুষত্ব আছে তারা জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করতে পারেন না। তিনি কেক কেটে খুনিদের বুঝিয়েছেন আমি তোমাদের সাথে আছি।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, সহ-সভাপতি মুকুল চৌধুরী, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
