জেলার বিভিন্ন উপজেলার সঙ্গে যোগাযোগরক্ষাকারী অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সড়কে চলাচলকারী দেড় সহস্রাধিক হালকা ও ভারী যানবাহনে বিভিন্ন উপজাতীয় রাজনৈতিক সংগঠনের অব্যাহত চাঁদা দাবি ও আলুটিলায় রাতে পণ্যবাহী ট্রাকে অব্যাহত ডাকাতির মুখে পরিবহন ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। ইতিমধ্যে বার্ষিক নির্ধারিত চাঁদার অতিরিক্ত হারে দাবীকৃত চাঁদা সময়মতো পরিশোধ না করায় অনেক যানবাহনের লাইসেন্স- ব্লুবুক আটক করে রেখেছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর চাঁদা আদায়কারীরা।
পরিবহন ব্যবসায়ীরা মনে করছেন অবিলম্বে এসব বন্ধে প্রশাসন সার্বিক নিরাপত্তা বিধানসহ কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে জেলার সকল রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকবে না। খাগড়াছড়ি জেলার পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, জেলার বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনের উপর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক পার্টি (ইউপিডিএফ) বিভিন্ন হারে চাঁদা ধার্য করে তা পরিশোধের জন্য সময়ও বেঁধে দেয়। তারা এখন নতুন করে বার্ষিক চাঁদার হার বাড়িয়ে তা আদায় করতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। এসব কারণে পরিবহন ব্যবসায়ীসহ সাধারণ ব্যবসায়ী, কাঁচামাল ব্যবসায়ী, চাউল ব্যবসায়ী ও বনজ সম্পদ ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। এদিকে সড়ক ডাকাতি ও চাঁদাবাজি প্রশ্নে আজ রবিবার বিকেলে পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ জেলার সকল ব্যবসায়ীদের সঙ্গে এক জরুরি সভায় মিলিত হবেন বলে জানা গেছে।
চাঁদা পরিশোধ না করে যানবাহন চালালে যানবাহনের ক্ষতিসাধন এবং চালক তথা পরিবহন শ্রমিকদের অপহরণ করা হবে সন্ত্রাসীদের এমন হুমকীর পরিপ্রেক্ষিতে মালিক পক্ষ খাগড়াছড়ি- দীঘিনালা সড়কে গত বৃহস্পতিবার বিকেল থেকে পণ্য পরিবহনকারী ট্রাক চলাচল বন্ধ করে দিয়েছে। পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে মোহাম্মদ ইসমাইল হোসেন দীঘিনালা সড়কের বর্তমান পরিস্থিতি সৃষ্টির জন্য লিটন সাহা নামক এক চাঁদা আদায়কারীকে দায়ী করে অভিযোগ করেন যে, বাড়তি চাঁদা দিতে অস্বীকার করায় গত বৃহস্পতিবার ইউপিডিএফ’র একটি দল দীঘিনালা সড়কের বিভিন্ন অংশ থেকে পণ্যবোঝাই ৩টি ট্রাক আটক করে চাঁদা না পেয়ে দীঘিনালায় ফেরত পাঠিয়ে দেয়। এসব ট্রাকসহ অন্তত ১০টি ট্রাক পণ্য খালাস করে গতকাল শনিবার পুলিশী পাহারায় জেলা শহরে আনা হয়েছে। অপরদিকে মালবোঝাই ট্রাকের উপর এবং কাঁচা মালামাল পরিবহনের উপর অব্যাহত চাঁদাবাজির কারণে গতকাল শনিবার জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে সাপ্তাহিক বড় হাটে কোন প্রকার কাঁচা মালামাল ক্রয় করেননি সমতলের ব্যবসায়ীরা। কাঁচা মালামাল শেষ পর্যন্ত বিক্রি করতে না পেরে দুর্ভোগে পড়েন বিক্রেতারা।
