আবারো বিএনপি-জামায়াত জোট জঙ্গিবাদ উত্থানের চেষ্টায় মেতে উঠছে

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫৭
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী অভিযোগ করে বলেছেন, বিএনপি-জামায়াত জোট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এদেশে আবারো জঙ্গিবাদ উত্থানের চেষ্টায় মেতে উঠছে। ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার মতো একটা ঘটনা খালেদা জিয়া ও তার সরকারের পক্ষেই সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে সেই অন্ধকারাচ্ছন্ন আইয়ামে জাহেলিয়াতের যুগ আবার ফিরে আসবে। বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শনিবার সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের গণতন্ত্রকে ব্যাহত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই অপপ্রচার চালিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদেরকে যে কোনো মূল্যে রুখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত জোট বাংলা ভাইয়ের মতো জঙ্গিদের জন্ম দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। আর এই লক্ষ্যেই ১৭ আগস্ট একযোগে সারাদেশে বোমা হামলা চালানো হয়েছিল। দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করাই ছিল তাদের মূল টার্গেট। অধিকার সম্পাদকের গ্রেফতারের বিষয়ে বিদেশি কূটনীতিকদের তত্পরতার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, দেশে মিথ্যার অধিকার নিয়ে মাঠে নেমেছে একটি দল। অধিকার সম্পাদককে গ্রেফতার করার কারণে মানবাধিকারের নামে মাঠে নেমেছে আরেকটি দল। তাদের এ আচরণ শিষ্টাচারের লঙ্ঘন। সংগঠনের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, যুবলীগ মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।