বিনোদন রিপোর্ট
প্রতিবারের মতো এবার ঈদের জন্যও নাটক নির্মাণ করেছেন দেশের বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্মাতা হানিফ সংকেত। ‘ভুল ভাঙাতে ভুল করা’ শিরোনামে নাটকটি প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। এবারের নাটকটি একটি পারিবারিক গল্প নিয়ে রচিত। পরিবারের কর্তাব্যক্তি চলতে ফিরতে কোথাও কোনো অসঙ্গতি বা সমস্যা দেখলেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। কিন্তু পরিবারের সদস্যরা তাঁর এসব কর্মকাণ্ডে অত্যন্ত বিরক্ত। মা-বাবা-চাচা-পুত্র-পুত্রবধূসহ পরিবারের সদস্যদের সাথে প্রায়ই তাঁর এই ভুল করা আর ভুল ধরা নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। আর এসব ঘটনা নিয়েই রচিত হয়েছে হানিফ সংকেতের এবারের ঈদের নাটক ‘ভুল ভাঙাতে ভুল করা’। নাটকের গল্প সম্পর্কে তিনি বলেন, ‘আজকাল অধিকাংশ নাটকেই কোনো বাবা-মায়ের চরিত্র দেখা যায় না। তবে আমার এই নাটকটিতে রয়েছে বাবা-মা-ভাই-বোন-চাচাসহ পরিবারের বিভিন্ন সদস্য। আর এই পরিবারের সদস্যদের নিয়েই এই নাটক। অর্থাত্ বলা যায় প্রতিবারের মতো এবারো নাটকটি একটি পরিবারকে কেন্দ্র করে পারিবারিক গল্পের নাটক।’
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, সাঈদ বাবু, কেএস ফিরোজ, মাসুদ আলী খান, শেলী আহসান, আব্দুল আজিজ, শামীম, নজরুল ইসলাম, বাহার, সুর্বণা মজুমদারসহ অনেকে। নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী এবং কণ্ঠ দিয়েছেন কমল।
