নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫৮
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত আছে। তবে হিলারি ক্লিনটনই প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। তবে তিনি নিজে এই পদে লড়বেন না বলে জানিয়েছেন। খবর ইয়াহুর। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের সাফল্য-ব্যর্থতা ও আগামী প্রেসিডেন্ট নির্বাচন প্রভৃতি নিয়ে দেশটির প্রভাবশালী ম্যাগাজিন প্যারেড’কে দেওয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন মিশেল ওবামা। নিজের জীবদ্দশায় নারী প্রেসিডেন্ট দেখতে পাবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে মিশেল বলেন, হ্যাঁ, আমি মনে করি দেশ এখন নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত। তবে ২০১৬ সালের এই নির্বাচনে হিলারি ক্লিনটনই বর্তমান প্রেসিডেন্ট ওবামার উত্তরসূরী হবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (হিলারি) এখনো এ বিষয়ে কিছু ঘোষণা দেননি। তাই আমি নির্দিষ্ট করে আগে থেকে কিছু বলতে পারব না। সাক্ষাত্কারে একজন আফ্রো-আমেরিকান মানুষ হিসেবে ওবামার দেশপ্রেম, মানবতাপ্রেম, কর্মোদ্যম ও সাফল্যের কথাও তুলে ধরেন মিশেল।