যাত্রা বাতিল করায় বরিশালে বে-ক্রুজ কাউন্টারে ভাংচুর

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২২:৫৯
ঈদ স্পেশাল সার্ভিসের দিবা নৌ সার্ভিস বে-ক্রুজ হটাত্ করে যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা পরিশোধ করতে গড়িমশি করায় বরিশাল বুকিং কাউন্টার ভাংচুর করেছে বিক্ষুব্ধ যাত্রীরা। বরিশাল-ঢাকা নৌ রুটের অত্যাধুনিক দিবা নৌ সার্ভিস বে-ক্রুজ হটাত্ করে গতকাল শনিবার যাত্রা বাতিল ঘোষণা করে। এতে ক্ষুব্ধ হয়ে এ জাহাজের অগ্রিম টিকিট কাটা ২৫০ যাত্রী চরম বিপাকে পড়ে। গতকাল শনিবার সকাল থেকে যাত্রীরা বে-ক্রুজ বরিশাল বুকিং কাউন্টারে গিয়ে টিকিটের টাকা ফেরত চায়। টিকেটের টাকা ফেরত না দিয়ে গড়িমশি করায় ক্ষুব্ধ যাত্রীরা নগরীর মাইনুল হাসান সড়কস্থ (আগরপুর রোড) বুকিং কাউন্টারে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। পরে পুলিশ এসে যাত্রীদের টাকা ফেরত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুকিং কাউন্টারের দায়িত্বরত কর্মকর্তা লিমন জানান, গত শুক্রবার বরিশালে যাত্রী নিয়ে আসার সময় জাহাজের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় যাত্রা বাতিল করা হয়েছে। কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার এস.আই গোলাম কবির ইত্তেফাককে জানান, বিক্ষুব্ধ যাত্রীরা অফিসের গ্লাস ও এসি ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বরিশালে স্কুল ছাত্রীর উপর হামলা প্রতিবাদে মানববন্ধন স্কুল ছাত্রীর উপর বখাটেদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নগরীতে মানববন্ধন করেছে সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। গতকাল শনিবার নগরীর অশ্বিনী কুমার হল সম্মুখে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। গত ৭ আগস্ট সাগরদী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার স্বর্ণার উপর রাতের আধারে বখাটে সন্ত্রাসীরা হামলা চালায়।