দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে বিজিবি’র অভিযানে ১ যুবতী উদ্ধার এবং ১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। যুবতী ও পাচারকারীকে হাকিমপুর থানায় সোপর্দ করে নারী শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সিপি ক্যাম্পের বিজিবি নায়েক সুবেদার বারেক আলী জানান, গতকাল শনিবার সকাল ৯টায় হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় সীমান্ত পিলার ২৮৫’র পাশ দিয়ে ১ জন যুবতীকে জোরপূর্বক ভারতে পাচার করা হচ্ছিল। উদ্ধারকৃত যুবতী পটুয়াখালী সদর উপজেলা শোলখোলা গ্রামের খালেক সিকদারের কন্যা স্মৃতি আকতার (২০) এবং পাচারকারী ঢাকার কাকলী এলাকার গৌরাঙ্গ মন্ডলের পুত্র নীরব মন্ডলকে (৩৫) আটক করা হয়। স্মৃতি জানায়, নীরব মন্ডল হিন্দু হয়েও নিজেকে মুসলিম পরিচয়ে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আত্মীয়ের বাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে হিলি সীমান্ত দিয়ে জোরপূর্বক ভারত পাচার করার চেষ্টা করে। সীমান্তে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।
আটক নীরব মন্ডল বিজিবি’র জিজ্ঞাসাবাদে স্বীকার করে, শুক্রবার রাতে ঢাকা থেকে বাসে হিলিতে এসে চুড়িপট্টি এলাকার এক দালালের বাড়িতে রাত যাপন করে। গতকাল শনিবার সকালে ওই দালালকে আড়াই হাজার টাকা দিয়ে ভারতে যাওয়ার কথা হয়।
স্মৃতিকে পাচারের অভিযোগ অস্বীকার করে নীরব মন্ডল জানায়, স্মৃতির সাথে তার প্রেমের সম্পর্ক। শিলিগুড়িতে আত্মীয়ের বাড়িতে স্মৃতিকে শাঁখা-সিঁদুর পরিয়ে বিয়ে করার কথা ছিল তাদের। জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খসরু সাব্বির জানান, নীরব মন্ডলকে বিকালে হাকিমপুর থানা পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
