ভোলা হাতিয়া সাগর মোহনায় নয় ট্রলার ছিনতাই

আপডেট : ১৭ আগস্ট ২০১৩, ২৩:০০
গতকাল শনিবার ভোলার চরফ্যাশনের চরকুকরী সংলগ্ন সাগর মোহনা থেকে দুই লাখ টাকার ইলিশসহ দুটি ফিশিং বোটে হামলা চালিয়ে মালামালসহ দুটি বোটই ছিনতাই করেছে জলদস্যুরা। স্থানীয় মত্স্যজীবীরা জানায়, কতজন জেলে ঐ বোটে ছিল তারা নিশ্চিত করে বলতে পারছে না। শুক্রবার রাতে অপহূত ৮ জন জেলের মধ্যে কোস্টগার্ড মেঘনা থেকে দু’জন জেলেকে উদ্ধার করেছে। তারা হচ্ছে সন্দীপের বাসিন্দা সিরাজ মাঝি ও মনপুরার বাসিন্দা মহিবুল্লাহ। মনপুরার ওসি জানান, শুক্রবার রাতে চরফ্যাশন-পটুয়াখালী সাগর মোহনায় ৪টি ফিশিং ট্রলার মাছধরা অবস্থায় জলদস্যুদের হামলার শিকার হয়। ২১ জন জেলেকে পিটিয়ে, কুপিয়ে আহত করে। উদ্ধার হওয়া জেলেরা জানায়, তাদের মধ্যে ৮ জনকে ৪টি ট্রলারসহ অপহরণ করা হয়েছে। লুট করেছে প্রায় ৮ লাখ টাকার মাছ। অপহূত জেলেদের মধ্যে করিম মাঝি (৩৮), মালেক (৩৫), জাহাঙ্গীর (৩৮) এ চারজনের নাম পাওয়া গেছে। চরনিজাম পুলিশ ফাড়ির ইনচার্জ গুলজার আহম্মেদ জানান, তারা অপহূতদের উদ্ধার অভিযানে আছেন। এছাড়া জলদস্যুরা হাতিয়ার বালুয়া ঘাট এলাকা থেকে আরো ৩টি ট্রলার ছিনতাই করে নিয়ে গেছে। মনপুরার ওসি জানান, মেঘনা ও সাগর মোহনার এ অঞ্চলে নৌ ডাকাতির ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে। এসব অঞ্চলে কোস্টগার্ডের টহল বাড়ানো প্রয়োজন। সমপ্রতি গোলাগুলিতে দু’টি জলদস্যু বাহিনীর প্রধান নিহত হলে দুর্ধর্ষ কালাম বাহিনী মেঘনা দাপিয়ে বেড়াচ্ছে। অপহূত জেলে ও ট্রলার ছাড়িয়ে আনার জন্য মোবাইল নম্বর এবং নিরাপদ কার্ড দিচ্ছে বলে জেলেরা জানায়।