জাতীয় উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালা শনিবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আয়োজনে কর্মশালায় ইআরডি সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, হেদায়েতুল্লাহ আল মামুনসহ ইআরডির ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় বক্তব্য রাখেন। এতে উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা প্রক্রিয়া, বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থনীতি, উন্নয়ন এজেন্ডা, বৈদেশিক সহায়তা গ্রহণ নীতি, পুনঃনবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানির ব্যবহার বিষয়ক নতুন উন্নয়ন উদ্যোগ, দেশের উন্নয়নে সংবাদ মাধ্যমের ভূমিকা ইত্যাদি বিষয়ে মোট ৭টি উপস্থাপনা পেশ করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপনা করেন, পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম, ইআরডি’র যুগ্ম সচিব মো. আলকামা সিদ্দিকী, ইআরডি’র অতিরিক্ত সচিব আরাস্তু খান, ইআরডি’র যুগ্ম সচিব মনোয়ার আহমেদ, ইডকলের সিইও মাহমুদ মালিক, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন, ইআরডি’র যুগ্ম সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ। কর্মশালার সঞ্চালনা করেন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি মনোয়ার হোসেন।
