‘আমি মনে করি না ইউটিউব টিভি নাটকের জনপ্রিয়তা কমাতে পারে’

আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৫৭

সাগর জাহান। এদেশের টিভি নাটকের জনপ্রিয় একজন নির্মাতা। প্রতিবারের মতো এবার ঈদেও বেশ কয়েকটি ৭ পর্বের ধারাবাহিক ও একক নাটক প্রচার হবে তাঁর। সেই প্রসঙ্গের পাশাপাশি ইউটিউবে বর্তমান নাটকের জনপ্রিয়তা ও সেগুলো মান নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে। এছাড়াও জানালেন ওয়েব সিরিজ নিয়ে তাঁর পরিকল্পনার কথা। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

কেমন আছেন?

ভালো আছি। ঈদের কাজ নিয়ে বেশ ব্যস্ততা চলছে এখন।

 

 এবার ঈদে আপনার নাটকগুলো প্রসঙ্গে বলুন—

এখন পর্যন্ত ধারাবাহিক নাটকগুলোর কাজ শেষ করলাম। এবার ঈদে আমরা ৪টি ৭ পর্বের ধারাবাহিক নাটক প্রচার হবে। নাটকগুলোর মূল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এরমধ্যে ‘হেভিওয়েট মিজান’ শিরোনামের একটি নাটকে জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী দু’জনকেই দেখা যাবে। অন্যদিকে দুটি একক নাটক প্রচার হবে। সেগুলোর শুটিং এখনো শেষ হয়নি। তবে শিগগিরই সেগুলোর কাজ শেষ করবো।

 

ইদানিং ইউটিউবের জন্য অনেক নাটক নির্মিত হচ্ছে। টেলিভিশনের চেয়ে ইউটিউবে নাটকের জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করেন কী?

এমনটা এখন পর্যন্ত আমি মনে করি না। কারণ আমাদের দর্শকরা যেসব নাটক দেখতে চায় সেগুলো এখন পর্যন্ত টিভিতেই নির্মাণ হচ্ছে। আর ইউটিউবের নাটকগুলো আমি দেখেছি। মানের দিক থেকে নাটকগুলো এখনো ভালো অবস্থায় যেতে পারিনি। এছাড়া এমনকিছু নাটক প্রচার হচ্ছে সেগুলো আমি আমার সন্তানের সাথে দেখতে পারি না। এ বিষয়গুলো লক্ষ্যণীয়। তাই আমি মনে করি না ইউটিউব টিভি নাটকের জনপ্রিয়তা কমাতে পারে।

 

তাহলে কী ইউটিউবে নাটক প্রচারের বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন না?

এমনটাও না। ইউটিউবে নাটক প্রচারের বিরুদ্ধে আমি না। যেহেতু সেটিও একটি মাধ্যম ও দর্শকদের আগ্রহ রয়েছে, তাই এই জায়গাটা নিয়ে আমার কোনো ধরনের নেতিবাচক ধারণা নেই। কিন্তু নাটকের মান নিয়ে আমি সবসময় সচেতন। মানসম্পন্ন কাজ হোক আমি সেটা চাই। একবারে যে মানসম্পন্ন কাজ হচ্ছে না তাও না। তবে সেটি আরো বড় পরিসরে হতে হবে।

 

ওয়েব সিরিজের জনপ্রিয়তা বাড়ছে প্রতিনিয়মিত। আপনার এ নিয়ে পরিকল্পনা কী?

কাজের ক্ষেত্রে আমি বাজেট ও কাস্টিং নিয়ে শুরুতেই চিন্তা করি। কয়েকটি ওয়েব সিরিজের কথা চলছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই করবো।