ধানসিড়ি, সুগন্ধা, বিশখালী এই তিনটি নদী ঘিরে রয়েছে ঝালকাঠি জেলা শহর। ছেলেদের পাশাপাশি মেয়েদের লেখাপড়ার জন্য ঝালকাঠিতে আছে একটি উচ্চ বিদ্যালয়, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সরকারি হরচন্দ্র উচ্চ বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ থেকে দেশের নানাপ্রান্তে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছে ঝালকাঠির মেয়েরা। বিএম কলেজ থেকে উচ্চ শিক্ষা নিয়ে সানিয়া আলম শাম্মি এখন খিলগাঁও মডেল কলেজের প্রভাষক, আর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সাইফা নাহিদ সঞ্চি নিজ শহরেই কারিগরি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যদিও উচ্চ শিক্ষার জন্য ঝালকাঠিতে তেমন কোনো ব্যবস্থা নেই। এখানকার শিক্ষার্থীরা বিভাগীয় শহর বরিশাল বি এম কলেজ, অমৃত লাল দে কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজে পড়াশোনা করতে যায়। এসব কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকায় তেমন সমস্যার সম্মুখীন হতে হয় না শিক্ষার্থীদের। তবুও তাদের দীর্ঘদিনের প্রত্যাশা এখানে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের। এ প্রসঙ্গে কথা বলা হলে বরিশাল মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস দিনা বলেন, ‘আমাদের অনেক দিনের স্বপ্ন ঝালকাঠিতে একটি স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের, অন্তত ভবিষ্যত্ প্রজন্মের জন্য হলেও যেন সরকার উদ্যোগ নেয় এই ব্যাপারে।’
ছবি: সাবরিনা আলম
