নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ জাতীয় পার্টির এক নেতা ও তার লোকজনের হামলায় ফ্রান্সের দ্বৈত নাগরিকসহ ৬ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে বন্দরের সোনাকান্দা মাহমুদনগরে এ ঘটনা ঘটে। তবে যাদের বিরুদ্ধে হামলার অভিযোগ সেই জাপা নেতার দাবি, পুরো বিষয়টি সাজানো।
হাসাপাতালে চিকিত্সা নিতে আসা আহতরা হলেন, ফ্রান্সের নাগরিকত্ব পাওয়া তিন বাংলাদেশি গোলাম জাভেদ, তার স্ত্রী জাকিয়া জাভেদ ও ছেলে আনিক গোলাম এবং শ্বশুর আবুল কাশেম, শ্যালক মাহফুজুল ইসলাম, শ্যালিকা ফরিদা ইকবাল। আহত গোলাম জাভেদ জানান, তার শ্যালক মাহফুজুল ইসলামের সঙ্গে মদনগঞ্জ ট্রলারঘাট সংলগ্ন আলিনা ডকইয়ার্ডের জমি নিয়ে একই এলাকার জাপা নেতা হুমায়ন কবিরের সঙ্গে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে জাপা নেতা হুমায়ন কবিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা নিয়ে মাহমুদ নগরে তার শ্বশুরবাড়িতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাদেরকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে বন্দর থানার একজন এসআই ঘটনাস্থলে এলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
অপরদিকে জাপা নেতা হুমায়ুন কবির হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত জমির উপর স্থিতি অবস্থা জারি করলেও সে নির্দেশ অমান্য করে জমিতে নির্মাণ কাজ শুরু করা হয়। শুক্রবার বিকালে পুলিশকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আদালতের ওই নির্দেশ সাটিয়ে দিতে যায়। তখনই প্রতিপক্ষের লোকজন নিজেরাই মারামারি করে হামলার অভিযোগ সাজিয়েছে।
বন্দর থানার ওসি আক্তারুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহতদের মধ্যে কেউ ফ্রান্সের নাগরিক কিনা তা তার জানা নেই। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
