ওভালে বুধবার শুরু অ্যাশেজের শেষ টেস্ট

ইংল্যান্ড দলে দুটি নতুন মুখ

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৩৮
ইংল্যান্ড আগামী বুধবার ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের জন্য দু’জন নতুন খেলোয়াড়কে দলে ডেকেছে। ১৪ সদস্যের দলে আসা ক্রিকেটারদ্বয় হলেন ওয়ারউইকশায়ারের অল রাউন্ডার ক্রিস ওকস এবং ল্যাঙ্কাশায়ারের বাঁহাতি স্পিনার সায়মন কেরিগান। এদের মধ্যে ওকসের ওয়ানডে দলে অভিষেক হলেও সায়মন এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি। পেস বোলিং অলরাউন্ডার টিম ব্রেসনানের জায়গায় মূলত ওকসকে ডাকা হয়েছে। চেস্টার-লি-স্ট্রিটে চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ৭৪ রানের জয়ে ব্রেসনান ব্যাট এবং বল হাতে সফল ছিলেন। কিন্তু পিঠের ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েন তিনি। অন্যদিকে ওভালের পিচ অনেকটা স্পিন সহায়ক হওয়ায় কেরিগানকে দলে ডাকা হয়েছে। ১৯৫০ সালের পরে এই প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিনটি টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে ইংল্যান্ড। শেষ টেস্টেও জয়ের লক্ষ্যে দলের অন্যতম নির্ভরযোগ্য স্পিনার গ্রায়েম সোয়ানের সাথে অতিরিক্ত একজন স্পিনার হিসেবে কেরিগানকে দলভুক্ত করা হয়েছে। এছাড়া ক্রিস ট্রেমলেট এবং ট্রেন্ট ব্রীজে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়া স্টিভেন ফিনকে দলে নিয়ে ফাস্ট বোলিং বিভাগেও নিজেদের শক্তিশালী করতে চাইছে স্বাগতিকরা। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিতে এ ব্যাপারে জাতীয় নির্বাচক জিওফ মিলার বলেছেন, পাঁচজন পেস বোলারের সাথে সমপ্রতি ল্যাঙ্কাশায়ার এবং লায়ন্সের হয়ে ভাল পারফর্ম করা সিমন কেরিগানকে অতিরিক্ত স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে। এ কারণে কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং অধিনায়ক আলিস্টার কুকের সামনে অনেক পথ খোলা থাকলো। ওভালের কন্ডিশন বিবেচনা করে তারা এখন চূড়ান্ত দল নির্বাচন করবেন। মিলার আরো জানিয়েছেন নভেম্বরে অস্ট্রেলিয়ায় ফিরতি অ্যাশেজ টেস্ট সিরিজেই ব্রেসনান সুস্থ হয়ে দলে ফিরে আসতে পারবেন বলে তিনি আশাবাদী। ট্রেমলেট ২০১০/১১ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে ৩-১ ব্যবধানে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ জয়ে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। গত বছর সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ একাদশতম টেস্ট খেলেছেন তিনি। ইনজুরির কারণেই মূলত ৩১ বছর বয়সী এই পেসার বেশিরভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন। ইতোমধ্যেই পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ড প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চারটি ম্যাচে জেতার জন্য মুখিয়ে আছে। এখন পর্যন্ত পুরো সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মিলার। দল : আলিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসন, ইয়ান বেল, জনি ব্যারিস্টো, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস, ক্রিস ট্রেমলেট, স্টিভেন ফিন, সিমন কেরিগান। বাসস/এএফপি