মংলায় পাওয়া অজগর সুন্দরবনে অবমুক্ত

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৪২
মংলা শহরতলীর টিএ ফারুক স্কুল সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা অজগর সাপটিকে অবশেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। গতকাল রবিবার পূর্ব সুন্দরবনের ঢাংমারী স্টেশনের পাশের বনাঞ্চলে অজগর সাপটিকে ছেড়ে দেয়া হয়। ১২ ফুট লম্বা এবং ১৭ কেজি ওজনের অজগর সাপটিকে বনকর্মীরা শনিবার বিকেলে উদ্ধার করে। জানা গেছে, গত শনি ও শুক্রবার সাপটি এলাকার বিভিন্ন বাড়ির আঙ্গিনার গাছে গাছে অবস্থান করছিল। এ খবর পেয়ে শনিবার দুপুরে অজগরটি উদ্ধারে আসে বনরক্ষীরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের একদল বনরক্ষী দীর্ঘ চেষ্টার পর অজগরটিকে আটক করতে সক্ষম হয়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক খলিলুর রহমান জানান, সুন্দরবনের নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতের টানে এ অজগরটি লোকালয়ে ভেসে আসতে পারে।