আজ গোপালপুরে গণহত্যা দিবস

আপডেট : ১৮ আগস্ট ২০১৩, ২১:৪৬
বেগমগঞ্জ উপজেলাধীন গোপালপুর বাজারে ‘৭১ এর ১৯ আগষ্ট রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা ৫৪ জন নিরীহ গ্রামবাসীকে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এই লোমহর্ষক ঘটনা আজও এলাকাবাসীকে পীড়া দেয়। কিন্তু এ পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে শহীদদের পরিবারের প্রতি কেউ হাত বাড়ায়নি। বেগমগঞ্জ উপজেলার গোপালপুর প্রত্যন্ত এলাকা বিধায় সুবেদার লুত্ফর রহমানের নেতৃত্বে মুক্তি বাহিনীতে রিক্রুট ও প্রশিক্ষণ দেয়া হত। পাক সেনাদের নিকট এ সংবাদ পৌঁছার পর রাজাকারদের সহযোগিতায় ১৯ আগষ্ট সকাল ১০টায় পাক সেনারা গোপালপুর বাজারে পৌঁছে। এর পূর্বেই প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধারা অন্যত্র চলে যায়। রাজাকারদের সহযোগিতায় পাক সেনারা নসা মিয়াসহ নিরীহ ৫৪ জন মানুষকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। পাক সেনারা চলে যাওয়ার পর স্বজনরা লাশ নিয়ে দাফন করে। স্বাধীনতাউত্তর কেউ শহীদদের খোঁজ নেয়নি। ১৯৮৮ সনে স্থানীয় কতিপয় যুবক উদ্যোগী হয়ে শহীদদের নাম খোদাই করে ছোট পরিসরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে ২/৩ বছর এই তারিখে স্মরণ করে। এরপর আর কেউ দিবসটি স্মরণ করেনি। সমপ্রতি স্থানীয় কিছু ব্যক্তি বর্ধিত কলেবরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার জন্য স্থান নির্ধারণ করে সাইনবোর্ড লাগালে রাতের আঁধারে কে বা কারা সাইনবোর্ডটি ফেলে দেয়।