জাতীয় সংসদ নির্বাচনের নিশ্চয়তা স্পষ্ট না হলেও মির্জাপুরে নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে করটিয়া পর্যন্ত মির্জাপুর আসনের বিভিন্ন দলের সম্ভাব্য এমপি প্রার্থীরা এই দেয়াল লিখন, বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার আর ফেস্টুন দিয়েছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছে।
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বর্তমান এমপি আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরিফ মাহমুদ, আওয়ামী লীগ নেতা মেজর (অবঃ) খন্দকার এ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু ।
বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, স্বাধীন গ্রুপের চেয়ারম্যান জেলা বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি এ কে এম আজাদ স্বাধীন, কেন্দ্রীয় নেতা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদ সোহরাব, বিশিষ্ট শ্রমিক নেতা ফিরোজ হায়দার খান, সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রকৌশলী মৃধা নজরুল ইসলাম। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম জহির। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম। এ ছাড়া খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মওলানা মজিবুর রহমান রয়েছেন। এসব সম্ভাব্য প্রার্থীরা এলাকায় ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন।
